একাত্তরের সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গায় উদ্ধার হওয়া স্থলমাইনছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সাতটি স্থলমাইন নিষ্ক্রিয় করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম এসব মাইন নিষ্ক্রিয় করে। বিকট শব্দে মাইনগুলো বিস্ফোরণের সময় সেখানে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। মাইনগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী মাখালডাঙ্গা গ্রামের কয়েকটি স্থানে পুঁতে রেখেছিল বলে জানিয়েছেন প্রশাসনের লোকজন।

মাইন নিষ্ক্রিয়কালে বাংলাদেশ সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের (৩৬ এডি) ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গা স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ খালিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী মাখালডাঙ্গা গ্রামের কয়েকটি স্থানে এসব স্থলমাইন পুঁতে রেখেছিল।

ওসি মো. মিজানুর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে মাখালডাঙ্গা গ্রামে জমি চাষের সময় স্থানীয় কয়েকজন কৃষক ল্যান্ডমাইন–সদৃশ বস্তু দেখতে পান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে সেগুলোকে ল্যান্ডমাইন হিসেবে নিশ্চিত করেন এবং সেগুলোকে নিরাপদে রাখার ব্যবস্থা নেওয়া হয়। সেই থেকে ল্যান্ডমাইনগুলো পুলিশ প্রহরায় রাখা হয়। এক মাস পর আজ বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।