সেটেলমেন্টের নির্বাচন হলে ১১–দলীয় জোট কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে: আসিফ মাহমুদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায়ছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘একটি সেটেলমেন্টের মধ্য দিয়ে যেটা আগে থেকে বোঝা যাবে, অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে। যদি এ ধরনের কোনো নির্বাচন করার চেষ্টা হয়, তাহলে ১১–দলীয় জোট যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে।’

আজ রোববার বিকেলে এনসিপির নির্বাচনী পদযাত্রায় রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আসিফ মাহমুদ। এনসিপির উত্তরাঞ্চলে নির্বাচনী পদযাত্রা আজ রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়। আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে কুশল বিনিময়ের পর আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমরা দেখছি, মাঠপর্যায়ে নির্বাচন কমিশন ও সরকারের কন্ট্রোল যতটুকু হওয়া উচিত, তেমনটা নেই। আমরা ইতিমধ্যে দেখেছি, অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে। একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে।’

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াতের নেতা রেজাউল করিমের মৃত্যুর বিষয় উল্লেখ করে এনসিপির মুখপাত্র বলেন, ‘একটি জায়গায় জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে কুপিয়ে। যখন এ ধরনের ঘটনাগুলো ঘটছে, তখন ১১–দলীয় জোটের পক্ষ থেকে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর, সৃষ্টিশীল ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, সে জন্য আমরা এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করছি। তবে আমাদের দিক থেকে স্পষ্ট অবস্থান হচ্ছে, যদি এভাবে চলতে থাকে এবং সর্বোপরি একটি বিতর্কিত নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, তাহলে ১১–দলীয় জোট কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে।’

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, জেলা কমিটির আহ্বায়ক আল মামুন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ রেজওয়ান প্রমুখ উপস্থিতি ছিলেন।

এদিকে রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। পথসভায় তিনি বলেন, ‘যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের থেকে আপনারা টাকা নেন, কিন্তু আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘শীতকালে আমরা দেখি, সুন্দর সুন্দর জায়গায় অতিথি পাখিরা ঘুরতে আসে। ঠিক একইভাবে একটা দল লন্ডন-আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। শীতকালের পর গ্রীষ্মকাল আসলে আমরা যেভাবে দেখি, অতিথি পাখিরা উড়ে গেছে, ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না।’

‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান করে আসিফ মাহমুদ বলেন, ‘এই নির্বাচনে আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি চান, হাসিনার মতো আর কোনো দোসর বাংলাদেশে না আসুক, ফ্যাসিস্ট শাসক না আসুক, তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আমরা দেখেছি, একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতা-কর্মীরা মাঠে-ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ।