গাজীপুরে দুটি মিনিবাসে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার কালিয়াকৈরে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে এবং গতকাল বুধবার রাতে শ্রীপুরের জৈনাবাজারে একই পরিবহনের আরেকটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইবনে সিনা কারখানার পাশে দাঁড় করিয়ে রাখা তাকওয়া পরিবহনের যাত্রীবাহী মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়। আজ ভোর চারটার দিকে লাগানো আগুনের এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
মিনিবাসের মালিক মিজানুর রহমান বলেন, ‘বাসটি রাস্তায় চালাচ্ছিলাম না। মহাসড়কের পাশে পার্কিং করে চালক বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলেন। কে বা কারা আমার বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বাসটি পুড়িয়ে দিয়ে তাদের কী লাভ হলো? আমার তো বড় ক্ষতি হয়ে গেল।’
ঘটনাস্থলের পাশে একটি মার্কেট আছে। ওই মার্কেটের নিরাপত্তাকর্মী শরিফুল ইসলাম বলেন, তিনি মার্কেটের বারান্দায় বসে ছিলেন। ভোর চারটার দিকে দেখতে পান, কয়েকজন যুবক বাসটির পাশে দাঁড়িয়ে আছেন। এর কিছু সময় পর বাসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে অনেকে দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, দাঁড় করিয়ে রাখা মিনিবাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাকওয়া পরিবহনের মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন, রাত ১২টার দিকে জৈনাবাজার এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে আগুন জ্বলতে থাকে। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
মিনিবাসটির চালক মো. মাসুম বলেন, সারা দিন যাত্রী পরিবহন করে রাত সাড়ে ১১টার দিকে জৈনাবাজার এসে থামেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মিনিবাসটি রেখে সহকারীকে নিয়ে পাশের হোটেলে রাতের খাবার খেতে যান তিনি। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে এসে দেখেন মিনিবাসটিতে আগুন জ্বলছে।
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, কে বা কারা মিনিবাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।