দাউদকান্দিতে ফুটবল খেলা নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অপর এক তরুণ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবক মারা যান।

নিহত যুবকের নাম রেজাউল করিম (২৯)। তিনি উপজেলার খোশকান্দি গ্রামের মো. শাইজুদ্দিনের ছেলে। আহত তরুণ হলেন নিহত রেজাউল করিমের চাচাতো ভাই শরীফুল ইসলাম (১৮)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেজাউল করিমের চাচাতো ভাই শরীফুল ইসলাম তাঁর সহপাঠী ও শিশু-কিশোরদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলছিলেন। এ সময় মাঠের পাশের বাড়ির বাসিন্দা আলী জব্বার এসে তাঁদের গালমন্দ করেন। একপর্যায়ে আলী জব্বার ক্ষুব্ধ হয়ে শরীফুলকে চড়থাপ্পড় মারেন। রাতে তারাবিহ নামাজের পর শরীফুল ইসলামের চাচাতো ভাই রেজাউল করিম বিষয়টি মীমাংসার জন্য আলী জব্বারের সঙ্গে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে আলী জব্বার ক্ষুব্ধ হয়ে ভাই-ভাতিজাদের নিয়ে রেজাউল ও শরীফুলের ওপর হামলা চালান। এ সময় রেজাউল ও শরীফুলকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন প্রথমে দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল মারা যান। আহত শরীফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত দুজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোয়াজ্জেম হোসেন।

এ ঘটনায় নিহত রেজাউলের ছোট ভাই মো. ইউসুফ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং তিন-চারজনকে অজ্ঞাত আসামি করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে খোশকান্দি গ্রামের গৃহবধূ নার্গিস বেগম ও মর্জিনা আক্তারকে আটক করা হয়েছে।

ঘটনার পর থেকে আলী জব্বারসহ অন্যরা গা ঢাকা দেওয়ায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে রেজাউল করিমের লাশ কুমিল্লা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে শুক্রবার বেলা তিনটার দিকে গ্রামে দাফন করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, হত্যার সঙ্গে জড়িত থাকা সন্দেহে গ্রামের দুই গৃহবধূকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।