অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর বাংলাদেশে ফিরল মরদেহ
অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামাল (৪২) নামের এক বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা আড়াইটার দিকে লালমনিরহাটের চ্যাংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর দিয়ে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খাইরুজ্জামালের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে যান খাইরুজ্জামাল। সেখানে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাভোগ করছিলেন। কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাঁকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে প্রশাসনিক ও কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। খাইরুজ্জামালের মৃত্যুর ৩৮ দিন পর আজ দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দীক বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে খাইরুজ্জামালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রাতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে