পরীক্ষার ফরম পূরণে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে কলেজ ফটকে তালা
পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টানা নেওয়ার অভিযোগে নাটোরের গুরুদাসপুরে একটি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
ওই কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার ফরম পূরণের জন্য তাদের কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে।
হাবিবুল বাশার ও আরাফাত আহমেদ নামের দুই পরীক্ষার্থী জানায়, একই বিষয়ের জন্য কারও কাছ থেকে বেশি, আবার কারও কাছ থেকে কম টাকা নেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক। এ নিয়ে ক্ষোভ থেকে তারা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে প্রায় ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ বন্ধ করে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবু সাঈদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিকেলে দেখা করতে বলেন এবং বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের প্রয়োজন নেই জানিয়ে ফোনের সংযোগ কেটে দেন।
গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।