কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গতকাল তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম ছাবেন আলী (৩২)। তিনি তাড়াশ পৌরসভার কোহিত এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার কিশোরীর (১৪) মা মারা গেছেন। সে তাঁর বাবা ও দাদির সঙ্গে থাকত। গত মঙ্গলবার দুপুরে তার বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন এবং তার দাদি ছাগল চড়াতে মাঠে গিয়েছিলেন। এ সময় সুযোগ বুঝে ছাবেন আলী ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনা সে কাউকে বলে দেবে, এমন ধারণা করে ছাবেন তাকে হত্যা করে পালিয়ে যান। কিশোরীর দাদি বাড়ি ফিরে ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে তার লাশ দেখতে পান।

পরে ওই কিশোরীর পরিবারের লোকজন বিষয়টি তাড়াশ থানা–পুলিশকে জানায়। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। গতকাল সকালে ওই কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, কিশোরীর গায়ে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। পরে বিভিন্ন তথ্যের সূত্র ধরে ছাবেন আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাবেন আলী কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। এ ঘটনায় কিশোরীর বাবা গতকাল বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।