গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা

লাশপ্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে উঠে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা অটোরিকশাটি ফেলে পাশের বনের দিকে পালিয়ে যায়।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মো. সুমন মিয়া (২৪)। তিনি সপরিবার উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে রাত সাড়ে আটটার দিকে তিনজন যাত্রীবেশী ছিনতাইকারী সুমন মিয়ার অটোরিকশা ভাড়া করে। পরে কালামপুর এলাকার দিকে যাওয়ার পথে আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়।

এ সময় সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ছিনতাইকারীরা চালকের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে।
সহিদুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

কালামপুর এলাকার ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা রক্তাক্ত অবস্থায় অটোরিকশাচালককে দেখতে পান। আশপাশে খোঁজাখুঁজি করে কাউকে পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীরা চালকের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।