নওগাঁয় বাসের ভেতর থেকে চালকের সহকারীর মরদেহ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

নওগাঁ শহরের একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে গ্যারেজে থাকা একটি বাস থেকে লাশ উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম জাহিদ ইসলাম (২২)। তিনি মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি আর সুপার পরিবহন নামের একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও নওগাঁ সদর থানা–পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বি আর সুপার পরিবহন বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল সোমবার ওই বাসটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে শহরের বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে সেটিকে মেরামত করার জন্য নিয়ে আসা হয়। সেখানে বাসটির ইঞ্জিনের মেরামতের কাজ চলছিল। গতকাল রাতে খাবার খেয়ে জাহিদ তাঁর আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে ওই বাসেই ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাঁকে ঘুম থেকে জাগানোর জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। একপর্যায়ে বিষয়টি থানা–পুলিশকে জানানোর পর আজ বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুটি স্বাভাবিক নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। তবে এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।