নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে খাসজমির দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। উপজেলার খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
জামাল মিয়া উপজেলার খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘খাগালিয়া নতুন বাজার এলাকার এক খণ্ড খাসজমি নিয়ে খাগালিয়া গ্রামের বর্তমান ইউপি সদস্য রব মিয়ার সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষই জমিটি তাদের বলে দাবি করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও হয়েছে। আজ ঈদ উপলক্ষে গ্রামে উভয় পক্ষের লোকজনের উপস্থিতি বেড়ে যায়।
পূর্ববিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজন আজ বিকেল থেকে লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে খাগালিয়া নতুন বাজার এলাকায় কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা সাতটার দিকে প্রতিপক্ষের বল্লমের আঘাতে জামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। তিনি ছিলেন বর্তমান ইউপি সদস্য রব মিয়ার পক্ষের। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।’