সখীপুরে শহীদ মিনারে বাঁশ রাখার দায়ে আওয়ামী লীগ নেত্রীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শহীদ মিনারে বাঁশ রাখার দায়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম এ জরিমানা করেন।

রওশন আরা শহীদ মিনার-সংলগ্ন উপজেলা পরিষদ মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা ও ঈদ আনন্দ উৎসব পরিচালনার দায়িত্ব পালন করেন।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মে দিবস উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় উপজেলা মাঠসংলগ্ন শহীদ মিনারটিতে অপরিচ্ছন্ন ও বাঁশের স্তূপ দেখে তাঁরা কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি ইউএনওর নজরে এলে তিনি ঘটনাস্থলে গিয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তবে স্থানীয় ডেকোরেশনের মালিক ফেরদৌস আহমেদকেও জরিমানার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

রওশন আরা বলেন, ‘উপজেলা পরিষদ মাঠে সাত দিনব্যাপী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে বাঁশগুলো রাখা হয়েছিল। ওই বাঁশগুলো কে বা কারা শহীদ মিনারে রেখেছে, তা আমি জানতাম না।’  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগের নেত্রী রওশন আরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন।