চনপাড়ায় উপনির্বাচনে নিরাপত্তার কড়াকড়ি, গোপন কক্ষে প্রার্থীর সমর্থক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের (চনপাড়া পুনর্বাসনকেন্দ্র) উপনির্বাচন হচ্ছে। আলোচিত ইউপি সদস্য বজলুর রহমানের মৃত্যুতে ইউপি সদস্যের পদটি শূন্য হয়। চনপাড়ার চিহ্নিত মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও এই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন।
আজ সোমবার সকাল আটটায় চনপাড়ার ১০টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে সরেজমিন ঘুরে কেন্দ্রের ভেতর ও বাইরে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সকাল আটটার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বীর প্রতীক গাজী কমিউনিটি সেন্টার কেন্দ্র এলাকায় গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকেরা ভোটারদের সহায়তার জন্য ভোটার স্লিপ নিয়ে বসেছেন। সেখানে তাঁরা ভোটারদের কক্ষ নম্বর বলে দেওয়ার পাশাপাশি ইভিএমের ছবি দেখিয়ে ভোট দেওয়ার নিয়ম বলে দিচ্ছেন। কেন্দ্রের ভেতরে গিয়ে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
ভোট দিতে আসা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলো বেগম প্রথম আলোকে বলেন, ‘মনে হইছিল, ভোটের দিন ঘর থেইকাই বের হইতে পারমু না। কিন্তু এতই সুষ্ঠু পরিবেশে ভোট হইতাছে যে আমরা দল বাইন্ধা সকালেই ভোট দিতে চইলা আসছি।’
আরেক ভোটার মোহাম্মদ আলী বলেন, ‘চনপাড়ায় এত শান্তিতে ভোট দিতে পারমু, তা কল্পনাও করিনাই। গত নির্বাচনে (ইউপি নির্বাচনে) ভয়ে ভোট দিতেই বাইর হই নাই। এবার পরিস্থিতি ভিন্ন। তবে ভোটের ফলাফলের পর বড় ঝামেলার ভয় আছে।’
গোপন কক্ষে প্রার্থীর সমর্থক
সকাল সাড়ে আটটায় স্ত্রী আমিনা বানুকে নিয়ে এই কেন্দ্রে ভোট দিতে আসেন ৫ নম্বর ওয়ার্ডের পক্ষাঘাতগ্রস্ত অশীতিপর বৃদ্ধ হারুন অর রশিদ। হারুন অর রশিদ হাঁটতে পারেন না, এ অজুহাতে হাসান আলী নামের এক ব্যক্তি তাঁকে কোলে করে গোপন কক্ষে নিয়ে যান। ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে বলেন, সহায়তাকারী ব্যক্তি ভোটারের নাতি। পরে দেখা যায়, সহায়তাকারী ওই ব্যক্তি হাতি প্রতীকের প্রার্থী চনপাড়ার আলোচিত মাদক কারবারি ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শসমের আলীর সমর্থক। ভোট দেওয়ার পর বৃদ্ধের কাছে এই প্রতিবেদক জানতে চান, তিনি নিজের ইচ্ছায় ভোট দিয়েছেন কি না। তখন বৃদ্ধ বলেন, ‘হেয় (সহায়তাকারী) টিপ দিয়া দিসে।’ এ বিষয়ে হাসান আলীর বক্তব্য জানতে চাইলে তিনি কেন্দ্র ছেড়ে চলে যান।
পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিমের কাছে বিষয়টি জানতে চাইলে বলেন, ‘অক্ষম ব্যক্তিদের সহায়তার মতো আমাদের লোক নেই। তাঁদের আত্মীয়রা সহায়তাকারী হিসেবে গোপন কক্ষে ঢুকছেন। প্রার্থীর সমর্থকেরা কেউ এমনটা করছেন বলে আমাদের জানা নেই।’
এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, ‘চনপাড়া এলাকাটি একটু সেনসিটিভ। এই এলাকার পরিস্থিতি বিবেচনায় আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি। পুলিশের ২৪৫ জন সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে আছে। কেন্দ্রগুলোতে পুলিশের স্ট্রাইকিং টিম কাজ করছে। এ ছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও টহলে আছেন।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাজাল্লি ইসলাম প্রথম আলোকে বলেন, ওয়ার্ডটিতে মোট ভোটার ২২ হাজার ৭ জন। মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নূর আলম, শেখ রাসেল, নগর ইউনিয়ন (চনপাড়া সাংগঠনিক ইউনিয়ন) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মো. ইব্রাহিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হাসান ওরফে চান মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহসভাপতি মো. শাহাবুদ্দীন, সাবেক সভাপতি শমসের আলী খান, জয়নাল আবেদিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, মো. আল আমিন, মো. খলিলুর রহমান, ও মো. রবিন মিয়া।