মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত
গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় মো. কিতাব আলী (৬৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
কিতাব আলী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমগাছিয়া গ্রামের সুরত আলী ছেলে। তিনি উপজেলার আমগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
হাইওয়ে পুলিশ ও স্বজনেরা জানান, সাবেক স্কুলশিক্ষক কিতাব আলী টাঙ্গাইলে তাঁর মেয়ের বাড়ি যাওয়ার জন্য গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন। নিজের গ্রাম থেকে কালিয়াকৈরে পৌঁছান সন্ধ্যার পর। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টাঙ্গাইলের বাসে ওঠার জন্য কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কিতাব আলীর ছোট ভাই আশরাফ উদ্দিন বলেন, কিতাব আলী টাঙ্গাইলে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি মো. শাহদাত হোসেন বলেন, নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।