যুবকের লাশের কাপড়ে কালো দাগ, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ

নোয়াখালীল সেনবাগ থানাফাইল ছবি

নোয়াখালীর সেনবাগে দোলন কুমার বণিক (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাপড়ে কালো দাগ দেখা যায়। পাশে একটি বোতলও পড়ে থাকতে দেখা গেছে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ করছে পুলিশ।

দোলন সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের পূর্ব বণিক বাড়ির মৃত মানিক লাল বণিকের ছেলে। তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে ভারতেও নেওয়া হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে দোলন নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের একটি বাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একটি বোতল পাওয়া গেছে। দোলনের পরনের কাপড়ের কিছু অংশ কালো হয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তরল অ্যাসিড বা এ–জাতীয় কোনো বিষাক্ত পদার্থ পান করেছিলেন। তবে সেটি অ্যাসিড, নাকি অন্য কোনো পদার্থ, তা ময়নাতদন্ত ও পরীক্ষাগারে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।