বগুড়ার সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশের নামে ‘মীরবাড়ী’র ফলকপ্রথম আলোর ফাইল ছবি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে।

পৃথক গণশুনানির পর আজ রোববার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনুমোদন শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তিন ইউনিয়নের নাম ঘোষণা করেন।

ওই তিন ইউনিয়নের মধ্যে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম বেতগাড়ী ইউনিয়ন; মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম রহবল ইউনিয়ন করা হয়েছে।

এ সম্পর্কে আজ সন্ধ্যায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে অনুমোদন শেষে পরিবর্তিত তিন ইউনিয়নের নতুন নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সভার সিদ্ধান্তের চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৩ জুন শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামতলা উপজেলার জগন্নাথপুর উচ্চবিদ্যালয় মাঠ ও ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে তিন ইউনিয়নের নতুন নামকরণে আলাদা গণশুনানি অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২৫ জুন মোকামতলা উপজেলার রহবল উচ্চবিদ্যালয় মাঠেও আলাদা গণশুনানি অনুষ্ঠিত হয়।

গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ি’। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ও ‘স্বর্ণগ্রাম’। চারটি নতুন ইউনিয়নের মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি এবং তাঁর দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে তিন ইউনিয়নের নামের মিল থাকায় বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি এবং তাঁর দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে তিন ইউনিয়নের নামের মিল থাকায় বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতর্কিত ইউনিয়নের নাম পরিবর্তনে উদ্যোগ নেওয়ার জন্য বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানকে নির্দেশ দেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এ-সংক্রান্ত নির্দেশনার চিঠিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত মীরবাড়ি এবং মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।