নেত্রকোনায় গোয়েন্দা পুলিশের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

মামুন মিয়াছবি: সংগৃহীত

গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা, দলীয় ও সামাজিক বিশৃঙ্খলার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলাও করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) ও সদস্যসচিব ইয়াসিন আরাফাতের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃত নেতার নাম মামুন মিয়া। তিনি রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী তেরোতোপা এলাকায় চোরাকারবারি ধরতে গেলে জেলা ডিবির ছয় সদস্য হামলার শিকার হন। এ সময় ছবি তুলতে গিয়ে স্থানীয় একটি পত্রিকার এক ফটোগ্রাফারও আহত হন। অভিযোগ আছে, হামলাকারীরা পুলিশ সদস্যদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এ সময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, ৫টি ভারতীয় গরু, ভারতীয় মদ, ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে তাঁদের ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলমাকান্দা থানায় পৃথক তিনটি মামলা করে।

মামলাগুলোয় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তিনটি মামলাতেই মামুন মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মামুন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।