পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় নিহত আরিফুরের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুর রহমান
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে সংঘর্ষের ঘটনায় নিহত আরিফুর রহমানের (২৮) লাশ দাফন করা হয়েছে। আজ শনিবার বেলা তিনটায় পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা এলাকায় কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। পরে কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

আরিফুর রহমানের জানাজা পড়ান পঞ্চগড় জেলা শহরের নুরুন আলা নুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও পঞ্চগড় জেলা ইমান আকিদা রক্ষা কমিটির সভাপতি আবদুর রহমান। এর আগে বেলা দুইটায় শহরের ইসলামবাগ এলাকার ভাড়া বাড়ি থেকে নিহত আরিফুরের স্বজনেরা তাঁর লাশ কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে নিয়ে আসেন। এ সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে জানাজায় অংশ নিতে ছুটে আসেন সাধারণ মানুষ। তবে আরিফুরের লাশের ময়নাতদন্ত করা হয়নি।

আরিফুর শহরের ইসলামবাগ এলাকার কাপড়ের দোকানের কর্মচারী ফরমান আলীর ছেলে। আরিফুরের স্বজনদের দাবি, গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মাঝখানে পড়েন আরিফুর। এ সময় তাঁর মাথায় গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় ব্যক্তিরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
তবে আরিফুরের মাথায় গুলি লাগার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। পুলিশ বলছে, ঘটনার সময় শুধু কাঁদানে গ্যাসের শেল আর রাবার বুলেট ছোড়া হয়েছে, তবে কোনো গুলি চালানো হয়নি।

আরিফুরের সঙ্গে ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, সংঘর্ষ শুরুর পর পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারীদের হটাতে পঞ্চগড় শহরের উত্তর দিকে তাড়া করতে থাকলে তাঁরা মসজিদপাড়া এলাকায় সড়কের পাশে একটি বাগানের দিকে ঢুকে পড়েন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে আরিফুরসহ তাঁরা বাগানটিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি গুলি আরিফুরের মাথায় লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

আরও পড়ুন
নিহত আরিফুর রহমানের জানাজায় হাজারো মানুষ। শনিবার বেলা তিনটার দিকে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদাগহ মাঠে
ছবি: প্রথম আলো

এদিকে সংঘর্ষের ঘটনা পর আজ সকাল থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও আহম্মদনগর এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছেন। তবে জানাজা শুরুর আগ থেকে কেন্দ্রীয় কবরস্থান ঈদগাহ মাঠের আশপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। অব্যাহত রয়েছে পুলিশ ও বিজিবি সদস্যদের টহল।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের সঙ্গে বিজিবি ও র‍্যাবের সদস্যরা টহল দিচ্ছেন। গতকালের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত করেই এ ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপারের দাবি, সংঘর্ষের সময় মারা যাওয়া আরিফুর রহমান গুলিতে মারা যাননি। তিনি ইটের আঘাতে মারা গেছেন বলে জেনেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন