প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে উৎসবের নগর রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে ব্যানার–ফেস্টুন হাতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছেন জনসভার দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষে ভরে যায় নগরের বিভিন্ন সড়ক, নগর পরিণত হয়েছে উৎসবের নগরে।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনকে ঘিরে ওই উৎসব বিরাজ করছে। তিনি রংপুর জেলা স্কুল মাঠে বিকেলে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন। তাঁর আগমন উপলক্ষে সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতা-কর্মীরা নগরে আসতে শুরু করেছেন। স্লোগানে স্লোগানে মুখর রংপুর জেলা স্কুলের মাঠ। রঙিন টি-শার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে তাঁরা সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রংপুর বিভাগের আট জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীরা আসছেন। বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও অটোরিকশায় করে আসছেন তাঁরা।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর নগর। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

ঠাকুরগাঁও থেকে সমাবেশস্থলে এসেছেন আমিরুল ইসলাম (৫৬)। তিনি বলেন, ‘আমি শেখ হাসিনাকে দেখতে এসেছি। আমার মতো অনেকেই এসেছেন।’ রংপুরের মিঠাপুকুরের সুরুজ মিয়া (৫০) বলেন, ‘যে ভিড় ভেতরোত যাওয়া যাওচে না। রাস্তাত গাড়ি আর গাড়ি। হাঁটা মুশকিল। হাসিনা হামার রংপুরোত আইসোচে তাতে খুশি।’ পীরগঞ্জের টুকুরিয়া এলাকার ইমতিয়াজ হোসেন বলেন, ‘দেখতে আসছি শেখ হাসিনা হামার রংপুরোত কী দেয়।’

প্রায় সাড়ে চার বছর পর রংপুরে মহাসমাবেশে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন চাইতে এই মহাসমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে গত রাতেই রংপুরে এসেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।