হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন যান স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সকালেছবি: প্রথম আলো

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় নির্ধারিত সময়ে পাঁচজন চিকিৎসককে অনুপস্থিত দেখতে পান। পরে সংসদ সদস্যের নির্দেশে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ২৬ জন চিকিৎসকের মধ্যে ৫ জনকে কর্মস্থলে অনুপস্থিত পান সংসদ সদস্য। এতে ক্ষোভ প্রকাশ করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

হাসনাত আবদুল্লাহর পরিদর্শনের সময় জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবরও ওই হাসপাতালে উপস্থিত ছিলেন। ডেপুটি সিভিল সার্জন ভিন্ন কাজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হঠাৎ সংসদ সদস্যের সঙ্গে দেখা হয় তাঁর। পরে ডেপুটি সিভিল সার্জনকে নিয়েই পুরো হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসক হলেন চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম (শুভ), শামীম কাউছার, শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট শরীফ উদ্দিন আহমেদ ও মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা।

হাসপাতাল সূত্রে জানা যায়, অনেক সময় চিকিৎসকেরা কর্মস্থলের বাইরে অবস্থান করেন, আবার অনেকে উপস্থিত থাকলেও কর্মঘণ্টা মানেন না। এ ধরনের অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। পরিদর্শনের সময় এমন চিত্র দেখে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের জানান, হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকেরা সময়মতো হাসপাতালে আসেন না। অবহিতকরণ ছাড়াই পাঁচ চিকিৎসক অনুপস্থিত থাকায় তাঁদেরকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি নির্দেশনা দিয়েছি, প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সব চিকিৎসক নিয়ে ব্রিফিং করবেন এবং সেই সভার উপস্থিতির শিট আমাকে পাঠাবেন। শোকজ করা চিকিৎসকেরা সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে ওই পাঁচ চিকিৎসককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা প্রয়োজন। তাঁরা এর ব্যত্যয় ঘটিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও জানানো হবে।