সেতুর টোল আদায়কারীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ পাঁচ ছাত্র আহত
খুলনা–কয়রা সড়কের পাইকগাছা শিববাটি সেতুর টোল আদায়কারীদের পিটুনিতে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রসহ পাঁচ ছাত্র আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পাঁচজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব হোসেন, শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র হাসিবুর রহমান, খুলনা বিএল কলেজের ছাত্র হাবিবুর রহমান ও ইমরান হোসেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মুজাহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলের দিকে টোল প্লাজায় মোটরসাইকেলের টোল দেওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে। টোল হিসেবে ছেঁড়া ১০ টাকার নোট দেওয়ায় আদায়কারীরা রাকিব হোসেন নামের এক ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনার প্রতিবাদ করলে টোল আদায়কারীরা ছাত্রদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা লাঠি দিয়ে ছাত্রদের বেদম পেটাতে থাকেন। স্থানীয় মানুষ সেখান থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. হাসিবুর রহমান জানান, ‘ঈদের পর ঢাকায় যেতে অগ্রিম টিকিট কাটতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র বন্ধু রাকিবকে সঙ্গে নিয়ে বাইকে পাইকগাছা উপজেলার ঢাকা পরিবহন কাউন্টারের উদ্দেশে রওনা করি। একপর্যায়ে সেতুর টোল প্লাজায় পৌঁছে সামান্য তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা হামলা চালান।’
আহত শিক্ষার্থীদের পরিবারের অভিযোগ, আনারুল ইসলাম নামের এক ব্যক্তি ওই সেতুর ইজারা নিয়েছেন। তাঁর কর্মচারীরা টোল আদায়ের নামে সেখানে গাড়িচালকদের কাছ জোরপূর্বক বেশি টাকা আদায় করেন। মোটরসাইকেলের টোল ৫ টাকা হলেও তাঁরা গায়ের জোরে ১০ টাকা আদায় করেন। এর প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে। তাঁরা এর বিচার দাবি করেন।
ওই শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে সেতুর ইজারাদার আনারুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শিক্ষার্থীদের সাথে টোল নিয়ে মারপিটের ঘটনা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।’