রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাইভেট কারচাপায় রিকশাচালক নিহত, আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরের তালাইমারী মোড় এলাকায়ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় মো. শাহজাহান (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারী নারী ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বেলা দুইটার দিকে রাজশাহী নগরের তালাইমারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ ওই শিক্ষার্থীকে আটক করলে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত ব্যক্তিকে গাড়িসহ বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত শাহজাহান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বেঙ্গল সিগনেচার নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। আহত দুজন হলেন নগরের বোয়ালিয়া থানার রানীনগর পানির ট্যাংকি এলাকার বাসিন্দা মিতা বেগম (৪০) ও তাঁর মেয়ে সুবাইদা জান্নাত। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে শাহজাহান নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্য দুজনের চিকিৎসা চলছে।

রাজশাহীতে প্রাইভেট কারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরের তালাইমারী মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে দ্রুতগতিতে প্রাইভেট কার চালাচ্ছিলেন রিজন। এ সময় এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে রিজন প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুজন রিকশাচালককে চাপা দেন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিবার বাদী হয়ে মামলাটি করবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এস এম রিজনের বিরুদ্ধে আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি দিয়ে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছিলেন। তখন ক্যাম্পাসে আর বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না—এমন মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।