আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার
আবু হুরায়রা ওরফে খালিদ (২৫) পেশায় একজন রেডিও টেকনিশিয়ান। তবে তিনি নিজেকে পরিচয় দিতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের ব্যক্তিগত সহকারী হিসেবে। এই পরিচয়ে কয়েক বছর ধরে সংসদ সদস্য, মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আবু হুরায়রা। অবশেষে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি দল গতকাল মঙ্গলবার রাতে রংপুর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে।
আবু হুরায়রা নাটোরের সিংড়া থানার বালুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রংপুরে বসবাস করেন।
গোয়েন্দা পুলিশ জানায়, কয়েক বছর ধরে খালিদ নিজেকে আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মুঠোফোনে কল দিয়ে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতেন। প্রতারণার এমন একটি অভিযোগের বিষয়ে জানতে পেরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে রংপুর থেকে আবু হুরায়রাকে গ্রেপ্তার করে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, গত সোমবার সাভার থানায় প্রতারণার অভিযোগে আবু হুরায়রাকে আসামি করে মামলা করা হয়। পরে আবু হুরায়রাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।