অর্থাভাবে পাচ্ছেন না চিকিৎসা

আর্সেনিকোসিস রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে। শেষ পর্যায়ে এসে প্রকট হয়। আক্রান্ত রোগী সুস্থ হন অনেক দেরিতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনিকোসিস রোগে আক্রান্ত এক নারীর পা। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের আর্সেনিকোসিস রোগীরা কষ্টে আছেন। অর্থের অভাবে ব্যাহত হচ্ছে তাঁদের নিয়মিত চিকিৎসা। নিম্নবিত্ত পরিবারের এসব রোগী বলেন, তাঁরা দিনে ভরপেট খেতে পারেন না। তাই বাড়তি খরচ করে চিকিৎসকের পরামর্শমতো পুষ্টিকর খাবার খাওয়া তাঁদের কাছে বিলাসিতা।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বেতবাড়িয়া গ্রামে আর্সেনিকোসিস রোগী ৪২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দিনমজুর জাহাঙ্গীর আলমের স্ত্রী আলেফ নূরের (৪৫)।

আলেফ নূরের পরিবারের লোকজন বলেন, ১০ মাস আগে আলেফের হাত-পায়ের তালুতে গুটি গুটি হয়ে শক্ত অবস্থার সৃষ্টি হয়। চার মাস আগে শক্ত স্থানগুলো ফেটে যায়। ভীষণ চুলকায়। অসহ্য যন্ত্রণা হয়। আলেফ বিছানায় পড়েছিলেন মাসখানেক। জেলা সদর হাসপাতালেও তিনি ভর্তি ছিলেন কয়েক দিন। হাসপাতালে বিনা মূল্যে রক্ত পরীক্ষা করে রোগ শনাক্ত করা হয়েছে এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়া গেছে। বাকি সব টাকা দিয়ে কিনতে হচ্ছে।

গত বৃহস্পতিবার বিকেলে আলেফ নূরের বাড়িতে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ বাড়িতে তেমন আসবাব নেই। কথা বলতে চাইলে আলেফ ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুই বলবেন না তিনি। বলে কী লাভ? কেউ তো সাহায্য করতে আসে না। পুষ্টিকর খাবার তো দূরের কথা, তিন বেলা খাবারই জোটে না তাঁদের। টাকার অভাবে তাঁর চিকিৎসা বন্ধ ছিল মাসখানেক। আবারও খুব খারাপ অবস্থা হয়। বিধবা মা কিছু টাকা দেওয়ার পর তাঁর চিকিৎসা শুরু হয়েছে ১০-১২ দিন আগে।

আমার হাত-পায়ের তালু শক্ত হয়ে গেছে। নিজে নিজে ফেটে যায়। রস বের হয়। খুবই চুলকায় আর যন্ত্রণা হয়।
শাহনাজ বেগম, রোগী

এরপর কিছুটা শান্ত হয়ে নিজেই কথা বলা শুরু করেন আলেফ। তিনি বলেন, ‘ছত্রাকনাশক এক ক্যাপসুল খেতে হয় দিনে দুটো। একেকটির দাম ২৬ টাকা। প্রতিটি সাত টাকা দামের আর ট্যাবলেটও লাগে দুটি করে। ৫০ টাকা দামের ‘লিকুইড প্যারাফিন’ নামের তেলটি সারা দিন বারবার মাখতে হয়। ২৭ টাকা দামের একটি মলমও সারা দিনে শেষ হয়ে যায়। এগুলো ব্যবহার না করলে আমার হাত-পায়ের তালু শক্ত হতে শুরু করে। ফেটে যায়, যন্ত্রণা হয় খুব। মায়ের দেওয়া টাকা শেষ হলেই চিকিৎসাও শেষ।’

গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগমের (৩৬) শরীরও বেশি ভালো নয়। তিনি জানান, ১৫ মাস আগে তাঁর শরীরে আর্সেনিকোসিস রোগ শনাক্ত হয়। তিন-চার মাস ধরে বেশি অসুস্থ বোধ করছেন তিনি। তাঁর হাত-পায়ের তালু শক্ত হয়ে গেছে। নিজে নিজে ফেটে যায়। রস বের হয়। খুবই চুলকায় আর যন্ত্রণা হয়। বাইরে থেকে ওষুধ কিনে তিনি চিকিৎসা করাচ্ছিলেন। দিনে ১৩০ টাকা খরচ হতো। টাকার অভাবে এক মাস ধরে চিকিৎসা বন্ধ। গ্রামের এক লোকের পরামর্শে তিনি হাত-পায়ের তালুতে নিমের তেল মাখেন। আর কিছু করার নেই তাঁর।

এ গ্রামের বাসিন্দা সংরক্ষিত ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শুকতারা ইয়াসমিন (৫৫) আর্সেনিকোসিসে আক্রান্ত। জানান, তিনি নিজেও কষ্টে আছেন। ভালো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। এর আগে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে গেলে আয়রন, ভিটামিন ও ক্যালসিয়াম ট্যাবলেট পেতেন; তবে চলতি সেপ্টেম্বর মাসে পাননি। ছোট মাছসহ পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু টাকার অভাবে ছোট মাছের মুখ দেখেন না অনেকে। তিনি আরও বলেন, এ গ্রামের ৫৫টি পরিবারের মধ্যে ৪-৫টি ছাড়া অন্য সব পরিবারেই নলকূপ আছে। কিন্তু সব কটি নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। এ কারণে সব কটিই লাল রঙে চিহ্নিত।

শোকতারা ইয়াসমিন আরও জানান, এ গ্রামের আর্সেনিকোসিস রোগী বেড়ে যাওয়ার কথা জানাজানি হলে মাস দেড়েক আগে সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এখানে আসেন। তখন ৪২ জন আর্সেনিকোসিস রোগী খুঁজে বের করে প্রত্যেককে ১ হাজার টাকা ও ৪০ কেজি করে চাল দেওয়া হয়। মাসখানেক আগে একটি গভীর নলকূপ বসানো হয়। সেখান থেকে আর্সেনিকমুক্ত পানি উত্তোলন করা হচ্ছে। গ্রামের বিভিন্ন স্থানে পাইপলাইন দিয়ে পানি সরবরাহের কথা থাকলেও এখনো চালু হয়নি। তবে গ্রামের লোকজন গভীর নলকূপ থেকে পানি নিয়ে এসে পান করা শুরু করেছেন।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলোতে সাধারণত আর্সেনিক রোগীদের জন্য ওষুধ বরাদ্দ থাকে না। বিশেষ প্রকল্পের আওতায় ওই গ্রামের মানুষদের জন্য ওষুধের ব্যবস্থা করা হয়েছিল। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা ওই গ্রামের আর্সেনিকোসিস রোগীদের ওষুধ সরবরাহের জন্য জানাব।’