ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ছুরিকাহত দম্পতি
কিশোরগঞ্জে ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ছুরিকাহত দম্পতি। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ ভরাটি গ্রামে থাকার ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।স্বজনেরা বলছেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে একে অপরকে ছুরিকাঘাত করেছেন।
ছুরিকাহত দুজন হলেন দক্ষিণ ভরাটি গ্রামের মোস্তাকিম মিয়া (২২) ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (১৯)।
মোস্তাকিম মিয়ার দাদা আলিম উদ্দিন বলেন, মোস্তাকিম কৃষিকাজ করেন। আজ সাহ্রি খেয়ে তাঁরা সবাই শুয়ে পড়েছিলেন। সকালে চিৎকার শুনে দরজা খুলে তাঁদের গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, মোস্তাকিম মানসিক সমস্যায় ভুগছিলেন। বিয়ের আগে মানসিক সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। বাড়ির লোকজন মনে করেছিলেন, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। ছয় মাস হলো তাঁদের বিয়ে হয়েছে। এ পর্যন্ত ভালোই চলছিল। নতুন করে মানসিক সমস্যার কারণে স্বামী-স্ত্রীর ঝগড়া থেকেই একে অপরের গলায় ছুরি চালিয়েছেন।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, দক্ষিণ ভরাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তাকিমের সঙ্গে প্রায় ছয় মাস আগে পাশের পাটধা মচারবাইদ গ্রামের জিল্লুর রহমানের মেয়ে সোনিয়ার বিয়ে হয়। আজ সকালে ঘরের মধ্যে ঝগড়ায় জড়ান মোস্তাকিম ও সোনিয়া দম্পতি। ঝগড়ার একপর্যায়ে তাঁরা ছুরি দিয়ে একে অপরের গলায় আঘাত করেন। এ সময় চিৎকার শুনে বাড়ির লোকজন এসে ঘরের ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় পরে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ বলেন, দুজনের গলায় ছুরির আঘাতের গভীর ক্ষত দেখা গেছে। আলামত হিসেবে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঝগড়া থেকেই স্বামী-স্ত্রী নিজেদের গলায় ছুরি চালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে আরও তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।