ঢাকার বদলে সিলেট বিমানবন্দরে নামল দু‌টি ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ফ্লাইট অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ফ্লাইট দুটি অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে কুয়ালালামপুর ও শারজাহ থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে আসে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট দু‌টি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, কুয়ালালামপুর থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সকাল সাড়ে সাতটায় সিলেটে অবতরণ করে। সকাল ৮টা ২০ মিনিটের দিকে ১৪৪ জন যাত্রী নিয়ে শারজাহ থেকে আসা আরও এক‌টি ফ্লাইট ঢাকার বদলে সিলেটে অবতরণ করে। পরে সকাল ১০টার মধ্যে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে গেছে।