ভারতীয় ট্রাক মালিকদের আন্দোলনে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ
ভারতের ফুলবাড়ি বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্দোলনের মুখে বুধবার থেকে পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বাংলাদেশি আমদানিকারক ও বন্দরের শ্রমিকেরা বিপাকে পড়েছেন।
পাথর আমদানিকারকদের সূত্রে জানা গেছে, সকাল থেকে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে এই আন্দোলন কর্মসূচির কারণে ভারত ও ভুটান থেকে কোনো পাথরবাহী ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেনি। তবে গমের ভুসি নিয়ে মাত্র পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। এ ছাড়া সারা দিনে বাংলাদেশ থেকে ২২টি ট্রাকে বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র ঈদুল আজহার টানা ছয় দিন ছুটির পর গত সোমবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে আজ সকাল থেকে ফুলবাড়ি বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশে রপ্তানি করা ভুটানি ট্রাকগুলোকে স্লট বুকিংয়ের (অনলাইনে ফি প্রদানের নিবন্ধনপ্রক্রিয়া) আওতায় আনার জন্য আন্দোলন শুরু করে। ‘ বোল্ডার বোঝাই ভারতীয় গাড়ি বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকারকে ৬ চাকার ট্রাকপ্রতি ৩ হাজার টাকা এবং ১০ থেকে ১২ চাকার ট্রাকপ্রতি ৫ হাজার টাকা সুবিধা নামক ওয়েবসাইটে দিতে হয়। অথচ ভুটানের গাড়ির ক্ষেত্রে সেই টাকা দিতে হয় না, কেন ভুটানকে এই টাকা দিতে হয় না ’ এমন প্রশ্ন সংবলিত ব্যানার টানিয়ে তারা ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে আন্দোলন করছে। এতে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়, তার ৯৫ শতাংশই পাথর। এসব পাথর ভারত ও ভুটান থেকে আমদানি করা হয়। তবে আজ সারা দিনে পাথর আমদানি না হওয়ায় বন্দরে কোনো প্রাণচাঞ্চল্য নেই।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, ভারতের ফুলবাড়ির পরিবহন মালিকেরা ভুটানি গাড়ির স্লট বুকিংয়ের দাবিতে আন্দোলন করছেন। এই দাবি তাঁরা ভারতের রাজ্য সরকারের কাছে জানিয়েছেন। এতে পাথর আমদানি বন্ধ রয়েছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের এখানে কোনো সমস্যা নেই। মূলত সমস্যাটা ভারতের ফুলবাড়ির ব্যবসায়ী ও পরিবহন মালিকদের। তাঁরা সরকারের কাছে দাবি নিয়ে আন্দোলন করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আশা করছি, দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে। পাথর ছাড়া অন্যান্য পণ্য স্বল্প পরিসরে আমদানি ও রপ্তানি হচ্ছে।’