বাংলাদেশ–ভারত সম্পর্কের এখন সোনালি অধ্যায় অতিবাহিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিলেটে শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের দ্বিতীয় দিনের শেষ আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক গত ১৪ বছরে আরও শক্ত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে। ভারত-বাংলাদেশ সম্পর্কের এখন সোনালি অধ্যায় অতিবাহিত হচ্ছে। এটা অন্যান্য দেশের জন্য, প্রতিবেশী ডিপ্লোমেসি বা নৈকট্য ডিপ্লোমেসিতে একটা রোল মডেল।’
সিলেট শহরতলির বিমানবন্দর এলাকার পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সিলেটে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সকালে অনুষ্ঠান শুরু হয়। বিকেল পর্যন্ত দুই দেশের ব্যবসা, শিক্ষা, সংস্কৃতি খাতের পাশাপাশি মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে একাধিক পর্বে আলোচনা চলে।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজওনাল স্টাডিজ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হয় দ্বিতীয় দিনের শেষ আলোচনা পর্ব। এ পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সভাপতিত্বে এ পর্বে গেস্ট অব অনারের বক্তব্য দেন ভারতের পররাষ্ট্র ও শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী রামকুমার রঞ্জন সিং।
আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের ত্রিপুরার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, ভারতের সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ভিনসেন্ট পালা, ভারতের সাবেক সংসদ সদস্য স্বপন দাশ গুপ্ত ও ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য সুরাইয়া ধবল।
উত্তর-পূর্ব ভারতে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্ব্যর্থহীন সহযোগিতা দুই দেশের আত্মবিশ্বাস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন আমাদের প্রধানমন্ত্রী। যেটা ভারতেও প্রশংসিত হয়েছে।’ মন্ত্রী বলেন, ‘বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে শক্ত বন্ধনে বাংলাদেশ ও ভারত আবদ্ধ। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবেও দুই দেশ পরস্পর জড়িত। ১৯৭১ সালে ভারত ও ভারতের জনগণ বাংলাদেশকে যেভাবে দ্রুত সহযোগিতা করেছে, তা দুই দেশের বন্ধুত্বকে দৃঢ় করেছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখবেন।’
ভারত ও বাংলাদেশের গন্তব্য অবিচ্ছেদ্যভাবে এক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করবে এই দ্বিপক্ষীয় সহযোগিতার মধ্য দিয়ে। গ্লোবাল পাওয়ার হিসেবে ভারতের উত্থানকে বাংলাদেশ বিরাট সুযোগ মনে করে। যার মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নতি করবে দেশটি।’
বাংলাদেশ ও ভারদের উত্তর-পূর্ব অংশ প্রতিবেশীর চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের সঙ্গে আমাদের সীমান্ত সংযোগ রয়েছে। উত্তর-পূর্ব ভারত আমাদের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া যখনই বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সহযোগিতার অগ্রগতি হয়েছে, সেখানে দুই দিকের জনগণের ভালো চিন্তা করা হয়েছে।’
আবদুল মোমেন আরও বলেন, ‘বর্তমানে আসাম ও নাগাল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চলমান আছে প্রধানত শেওলা-সুতারকান্দি স্থলবন্দর দিয়ে। বাণিজ্য সম্ভাবনায় সরাসরি ও বিরামহীন যোগাযোগ প্রয়োজন, যা বাংলাদেশ অংশে নেই। এ বিষয়ে সিলেট-শিলচর বাস সার্ভিস এবং জকিগঞ্জ-করিমগঞ্জ কুশিয়ারা নদীতে একটি সেতু করার কথা বলা হয়েছিল ২০২২ সালে শিলচর-সিলেট উৎসবে। এখনই আমরা দাবি আদায়ে উচ্চকণ্ঠে আওয়াজ তুলব।’ বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী শিগগির ঢাকা-গৌহাটি বিমান যোগাযোগ চালু হবে বলে জানান।
ভারতের পররাষ্ট্র ও শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী রামকুমার রঞ্জন সিং বলেন, ‘বাংলাদেশ এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্য এখানকার জনগণের ভালোর জন্য একসঙ্গে কাজ করবে। আমাদের সাম্প্রতিক অগ্রগতি দুই দেশের সংযোগ আরও বাড়াবে।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রশংসা করে তিনি বলেন, সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতিকরণের ফলে ১৪ বছরে বাংলাদেশ আর্থসামাজিক উন্নতি করেছে।
দিনব্যাপী আলোচনা পর্বে বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য দেন। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাসহ দুই দেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আমলাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা পর্বগুলোতে বক্তারা বিশেষত বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ডসহ আশপাশের রাজ্যগুলোতে যোগাযোগ ও বাণিজ্য–সুবিধা বাড়ানোর বিষয়ে দুই দেশের সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিন দিনব্যাপী সংলাপের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের উপস্থিত থাকার কথা আছে।