তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: রুহুল কুদ্দুস তালুকদার
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই আন্দোলন–সংগ্রাম করছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি আগামী সংসদ নির্বাচনে যাবে না।
আজ রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর সদর উপজেলা ও পৌর যুবদলের দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা প্রতিষ্ঠা হলে মানুষের ভাতের ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষের কথা বলার ও স্বাধীন মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হবে।
যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীদের তৃণমূলে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, চলমান আন্দোলনকে বেগবান করার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা–কর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।
রুহুল কুদ্দুস তালুকদার আরও বলেন, এ বছরই আওয়ামী লীগের ক্ষমতার শেষ বছর। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা না দিলে জনগণ সরকারকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।
কাউন্সিলের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার। নাটোর শহর যুবদলের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক ওরফে আল মামুন এবং নাটোর সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম।