ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা, চারজনকে গ্রেপ্তার
ফেনীতে জেলা ছাত্রদলের বের করা বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। ‘কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী নুসরাত নাদিয়ার ওপর হামলা ও মিথ্যা মামলায় নেতা–কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে’ আজ রোববার বেলা ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করা হয়।
তবে পুলিশ বলছে, মিছিলের সময় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, পৌর ছাত্রদল নেতা মো. শরিফ, সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জসিম উদ্দিন ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. হৃদয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মিছিলের সময় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ফেনী থানায় একাধিক মামলা রয়েছে।
ছাত্রদলের একাধিক সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে যাচ্ছিলেন। মিছিলটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জয়কালী মন্দির মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ অতর্কিতে লাঠিপেটা শুরু করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করে।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হঠাৎ লাঠিপেটা শুরু করে চারজনকে ধরে নিয়ে যায়। লাঠিপেটায় অন্তত ১৫-২০ জন নেতা–কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা অবিলম্বে গ্রেপ্তার নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।