তারেক মাসুদের স্বপ্ন নিয়ে এগিয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লায়
ছবি: প্রথম আলো

তরুণ প্রজন্মকে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রযোজক, নির্মাতা ও তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ।

তারেক মাসুদের জন্মভিটা ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লায় খ্যাতিমান এ চলচ্চিত্র নির্মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ আহ্বান জানান তিনি।

স্মরণসভার প্রধান অতিথি চলচ্চিত্র নির্মাতা ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বলেন, ‘তারেক মাসুদ এখন আমাদের জাতিসত্তার উপাদান।’ অনুষ্ঠানে তারেক মাসুদের গ্রামের বাড়িতে ‘তারেক মাসুদ চলচ্চিত্র পাঠকেন্দ্র’ প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি।

আজ শনিবার সকাল ১০টায় তারেক মাসুদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। ভাঙ্গা তারেক মাসুদ ফাউন্ডেশন, ফরিদপুর তারেক মাসুদ ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সম্মিলিতভাবে এ স্মরণসভার আয়োজন করে।

ক্যাথরিন মাসুদ বলেন, ‘তারেক মাসুদ ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। নিজ জাতিকে ভালোবাসার ভাবনা তাঁর সব সময় ছিল। তাঁকে একজন চিন্তাবিদও বলা যায়। দেশের মানুষ, ইতিহাস ও চলচ্চিত্র আন্দোলন নিয়ে তিনি সব সময় ভাবতেন। তারেক মাসুদ ভাঙ্গা ও ফরিদপুরকে অন্য রকমভাবে ভালোবাসতেন। তাঁর মৃত্যুর পর ১১ বছর পার হয়ে গেছে। এরপরও তিনি আমাদের সঙ্গে আছেন।’

চলচ্চিত্রের বাইরেও তারেক মাসুদের আরও অনেক কিছু করার ছিল উল্লেখ করে ক্যাথরিন বলেন, তাঁর এ অকাল মৃত্যু সবকিছুতে যেন একটা ছেদ এনে দিয়েছে। এরপরও তারেককে নিয়ে বই প্রকাশিত হচ্ছে। বইয়ের মাধ্যমে তাঁর ভাবনা ও স্বপ্ন ছড়িয়ে যাবে দেশের মানুষের কাছে। তরুণ প্রজন্মকে তারেকের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই তাঁর স্বপ্ন ও আত্মদান সার্থক হবে।

প্রধান অতিথির বক্তব্যে নাসিরউদ্দিন ইউসুফ বলেন, ‘তারেক এখন আমাদের জাতিসত্তার উপাদান। যেমন উপাদান কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারেকের চলচ্চিত্রের সৃজনশীলতা আমাদের মোহিত করে। মানুষ হিসেবে তারেক চমৎকার, প্রাণবন্ত, সৃষ্টিশীল ছিলেন। তাঁকে ভালো না বেসে পারা যেত না।’

ভাঙ্গা তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চিত্রশিল্পী ঢালী আল মামুন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন, সাংবাদিক মফিজ ইমাম মিলন, শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল আশরাফ, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ। এ স্মরণসভার মঞ্চে তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ (৮৮) উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি।

পরে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের পক্ষ থেকে তারেক মাসুদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ ও সহধর্মিণী ক্যাথরিন মাসুদের হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন নাসিরউদ্দীন ইউসুফ ও জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিক মফিজ ইমাম সম্পাদিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও তারেক মাসুদের চলচ্চিত্র’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ।