নেত্রকোনায় প্রাণের উচ্ছ্বাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছে কৃতী শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে নেত্রকোনা শহরের দত্ত উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

নেত্রকোনায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ সোমবার সকাল আটটা থেকে নেত্রকোনা শহরের দত্ত উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা নিতে এসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে জেলার কৃতী শিক্ষার্থীরা।

দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ধারাবাহিকভাবে চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করা জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সকাল থেকে অনুষ্ঠানস্থলে হাজির হতে শুরু করেন। অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাক্স বক্স সংগ্রহ করে শিক্ষার্থীরা।
এরপর নেত্রকোনা বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। নেত্রকোনা বন্ধুসভার সহসভাপতি তন্ময় সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্ত্তী।

অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাক্স বক্স সংগ্রহ করে শিক্ষার্থীরা।
ছবি: প্রথম আলো

সকাল সাড়ে সাতটার মধ্যে বারহাট্টা থেকে এসেছে মেহেদি হাছান, সারোয়ার হোসেন, সানোয়ার হোসেন, আপন বর্মণসহ চার বন্ধু। তাদের মতো অনেকেই সাড়ে সাতটার মধ্যে অনুষ্ঠানস্থলের গেটে হাজির হয়। তারা বলে, এ অনুষ্ঠানে যোগ দিতে রাত থেকে ঘুম নেই তাদের। কখন সকাল হবে, আর কখন অনুষ্ঠানে আসবে, সেই অপেক্ষায় ছিল তারা। ভোরবেলায় যখন তারা বাড়ি থেকে বের হয়, তখন কোনো যানবাহন ছিল না। অনেকটা পথ হেঁটে, তারপর ইজিবাইকে করে এসেছে। তাদের মতো জিপিএ-৫ প্রাপ্ত অনেকেই এসেছে প্রত্যন্ত গ্রাম থেকে।

শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, প্রাবন্ধিক অধ্যাপক বিধান মিত্র, নারীনেত্রী বেগম রোকেয়া, অধ্যাপক নাজমুল কবির সরকার, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, দত্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির, নেত্রকোনা সাহিত্যসমাজের সাধারণ সম্পাদক ও প্রথম আলো বন্ধুসভা নেত্রকোনার উপদেষ্টা সাইফুল্লাহ এমরান, ছড়াকার শ্যামলেন্দু পাল, সংগীতশিল্পী নারায়ণ কর্মকার প্রমুখ।

আয়োজনের ফাঁকে ফাঁকে থাকবে কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, নৃত্য, কবিতা ও নাটক। দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।