কারও প্রতি বৈরী মনোভাব না রেখে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমবার সিলেটে পৌঁছালে আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানান দলীয় নেতা–কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আজ বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেছবি: প্রথম আলো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এসেছেন আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট পৌঁছে তিনি বলেন, ‘সময় খুব সীমিত, পাঁচ বছর খুব অল্প। দোয়া করবেন যেন সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে পারি।’

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য আরিফুল হক আকাশপথে সিলেটে আসেন। পরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘কারও প্রতি বৈরী মনোভাব না রেখে সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজ প্রথম রোজায় আমি আমার জন্মস্থান সিলেটে এসেছি। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে পুরোটা দিন আমার মায়ের সঙ্গে কাটাব। পরদিন এলাকার জনগণের সঙ্গে সময় কাটাব।’

আরিফুল হক চৌধুরী প্রবাসীদের হয়রানি বন্ধসহ যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘বিদেশে গমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘আমি আসার সময় ঢাকার বিমানবন্দরে সেবা সেন্টারগুলো দেখেছি, সেটা আমাদের প্রবাসী–অধ্যুষিত সিলেটে নেই। ইনশা আল্লাহ, প্রবাসীদের প্রত্যাশা ও জনগণের প্রত্যাশা পূরণ করতে সবাইকে নিয়ে কাজ করব।’

কাউন্সিলর থেকে ধাপে ধাপে মেয়র, সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এটা সব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, সিলেটবাসীর দোয়া ও সহযোগিতায় সম্ভব হয়েছে। আমার আসনের ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে সম্মানিত করেছেন, তা সিলেটবাসী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধার প্রকাশ।’

এদিকে বিমানবন্দরে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত এই মন্ত্রী চার দিনের সফরে সিলেটে এসেছেন।