দুই মিনিটের পথ পাড়ি দিতে লাগে ৩০ মিনিট

শহরের ভেতর দিয়ে পার্বতীপুর-রংপুর সড়ক চলে গেছে। আধা কিলোমিটার এই সড়কে যানজটের কারণে লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

রংপুর-পার্বতীপুর সড়কের বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পাশে যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। গত বৃহস্পতিবার বিকেলেছবি: প্রথম আলো

যানজটে নাকাল রংপুরের বদরগঞ্জ শহরের মানুষ। শহরের ভেতর দিয়ে যাওয়ায় সড়কের দুই পাশে বাজার বসায় এবং সড়কটি সরু হওয়ায় যানবাহন ধীরগতিতে চলছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহনে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া যানজটে আটকে থেকে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে নানা শ্রেণি ও পেশার মানুষের।

বদরগঞ্জ হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভায় যানজটের কারণে মুমূর্ষু রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে পারি না। দুই মিনিটের সড়ক পার হতে কখনো কখনো ৩০ মিনিট সময় লাগে।’

উপজেলা পরিষদ সূত্র জানায়, বদরগঞ্জ পৌর হাটবাজারের ভেতর দিয়ে চলে গেছে দিনাজপুরের পার্বতীপুর-রংপুর সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহনসহ রংপুর সেনানিবাস এবং পার্বতীপুরের শহীদ মাহবুব সেনানিবাসের গাড়ি যাওয়া–আসা করে।

এই সড়কে যানজটের আরেকটি বড় কারণ হচ্ছে, এটি দিয়ে সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা যাতায়াত করেন। পৌরসভার ভেতর ওই সড়কের প্রায় আধা কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এই অংশে সড়কের প্রস্থ ১৮–২০ ফুট।

বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন বলেন, যানজটের কারণে শিক্ষার্থীসহ সরকারি–বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা দুর্ভোগে পড়েন। একই সড়ক দিয়ে বিভিন্ন কাজে সবাই যাতায়াত করায় বদরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের মূল ফটক পর্যন্ত প্রায় আধা কিলোমিটারে ওই যানজটের সৃষ্টি হচ্ছে। এই অংশে বিকল্প সড়ক নির্মাণ করা ছাড়া যানজট নিরসন করা কোনভাবেই সম্ভব নয়।

স্কুলশিক্ষক গোলাম রব্বানী বলেন, উপজেলাবাসীর প্রধান সমস্যা ওই যানজট। প্রায় ১৪ বছর ধরে বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন উপজেলাবাসী।

রংপুর-পার্বতীপুর সড়কের বদরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বদরগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটক পর্যন্ত আধা কিলোমিটারব্যাপী সড়কের দুই ধারে অবৈধ দোকানপাট, যত্রতত্র ইজিবাইক ও রিকশা দাঁড় করিয়ে রাখা, বাজার এলাকা সড়কের ওপরে ট্রাক রেখে বিভিন্ন মালামাল নামানো এবং বাস থামিয়ে যাত্রী ওঠানামা করার কারণেও শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। বাসচালক শাহজাহান আলী বলেন,‘পার্বতীপুর থেকে রংপুরের দূরত্ব ৪১ কিলোমিটার। স্বাভাবিকভাবে গাড়ি চললে ১ ঘন্টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে রংপুরে আসা যায়। কিন্তু যানজটের কারণে বদরগঞ্জ পৌরসভার ভেতর আধা কিলোমিটার সড়ক পেরুতে কখনো কখনো ৩০-৪৫ মিনিট সময় লাগে।

বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী বলেন, ‘যানজট নিয়ন্ত্রণ করতে পৌরসভার পক্ষ থেকে চারজন চৌকিদার নিয়োগ দিয়েছি।

তাঁরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। কিন্তু বিকল্প সড়ক নির্মাণ ছাড়া অসহনীয় যানজট দূর করা অসম্ভব। পৌর পরিষদের পক্ষ থেকে ওই সড়ক নির্মাণ করাও সম্ভব নয়।’