সরকারি চাল নিতে টাকা আদায়ের অভিযোগ 

বড়বিল ইউনিয়নে ট্যাক্সের নামে প্রত্যেক উপকারভোগীর কাছে ৩০০-৪০০ টাকা করে আদায় করা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল
ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির চাল বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ছাড়া চালভর্তি বিনা মূল্যের বস্তাপ্রতি নেওয়া হয়েছে ২০ টাকা। এর প্রতিবাদ করায় উপকারভোগী এক নারীর স্বামীকে মারধর করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না গতকাল বুধবার মুঠোফোনে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপকারভোগীদের অভিযোগ, ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদ চৌধুরীর নির্দেশে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের নামে ভিডব্লিউবির প্রত্যেক উপকারভোগীর কাছে ৩০০-৪০০ টাকা করে আদায় করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিব ইলিয়াছ হোসেনসহ গ্রাম পুলিশের সদস্যরা ওই টাকা আদায় করার পরে উপকারভোগীদের চাল দিয়েছেন। এ সময় ৩০ কেজি চালের বস্তা বাবদ অবৈধভাবে নেওয়া হয়েছে আরও ২০ টাকা করে। ওই বস্তাভর্তি চাল সরকারি গুদাম থেকে সরবরাহ করা হয়েছে।

গত মঙ্গলবার ওই ইউনিয়ন পরিষদে জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসের চাল বিতরণ করা হয়। বিধি মোতাবেক উপকারভোগীরা মাসিক চাল নেওয়ার আগে নিজের ব্যাংক হিসাব নম্বরে ২২০ টাকা জমা দিয়ে ওই চাল ইউনিয়ন পরিষদে তুলতে আসেন। তখন তাঁদের কাছ থেকে বাধ্যতামূলক ইউনিয়ন পরিষদ ট্যাক্স নেয়।  

গত মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবির উপকারভোগী নাছিমা বেগম তাঁর স্বামী ওয়াসিম মিয়াকে সঙ্গে নিয়ে চাল তুলতে যান। ওয়াসিম মিয়ার অভিযোগ, কিছুদিন আগে তাঁর কাছে ২০২২-২৩ অর্থবছরের জন্য ইউনিয়ন পরিষদ তাঁর কাছে কর নেয় ১০০ টাকা। গত সোমবার আবার নিয়েছে ১০০ টাকা। গত মঙ্গলবার কার্ডের চাল নিতে গেলে ইউনিয়ন পরিষদের সচিব ইলিয়াছ হোসেন ও গ্রাম পুলিশের দুই সদস্য আরও ৩০০ টাকা কর চান। টাকা না দিলে চাল দেওয়া হবে না বলে জানান। এর প্রতিবাদ করায় গ্রাম পুলিশ সদস্য মাসুদ হোসেন প্রকাশ্যে আমার গলা চেপে ধরে কিল–ঘুষি মারেন। অন্য উপকারভোগীরা এসে তাঁকে ছাড়িয়ে নেন। 

অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য মাসুদ হোসেন বলেন, ‘ওয়াসিমকে আমি মারধর করিনি। উভয়ে উত্তেজিত হয়েছিলাম। সঙ্গে সঙ্গে তা মিটেও গেছে।’ 

নাম প্রকাশ না করার শর্তে দুজন কার্ডধারী অভিযোগ করেন, ‘তাঁদের কাছেও চাল তোলার আগে ইউনিয়ন পরিষদের সচিব ইলিয়াছ হোসেন কর হিসেবে ৪০০ টাকা করে নিয়ে রসিদ দিয়েছেন ৩০০ টাকার। এ ছাড়া প্রতি বস্তা চাল হাতে দেওয়ার সময় চৌকিদারেরা নিয়েছেন ২০ টাকা করে ৬০ টাকা। একেকজন উপকারভোগী ওই দিন তিন মাসের তিন বস্তা (৯০ কেজি) করে চাল পেয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে গতকাল বিকেলে মুঠোফোনে বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ চৌধুরী বলেন, ‘টাকা নিয়েছি কি না সেটা বলব না। আপনি ইউনিয়ন পরিষদে আসেন, সব বুঝিয়ে দেব।’

ইউনিয়ন পরিষদের সচিব ইলিয়াছ হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের কর নিয়ম অনুযায়ী আমরা নিতে পারি।’

রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন গতকাল বুধবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘চাল বিতরণের সময়ে দুস্থ মানুষের কাছ থেকে করের টাকা আদায় করা ঠিক হয়নি। অভিযোগগুলো আমার নজরে এসেছে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গঙ্গাচড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে ২ হাজার ৯২৮ জন দুস্থ নারী তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে বড়বিল ইউনিয়ন পরিষদে হয়েছেন ৩১৭ জন। প্রতি কার্ডধারী ইউনিয়ন পরিষদ থেকে ওই কর্মসূচির আওতায় বিনা মূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল ২৪ মাস পাবেন।