মনোনয়ন ফিরে পেয়ে নির্বাচনী মাঠে চট্টগ্রামের তিন আওয়ামী লীগ নেতা
আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের তিন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন—চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের আওয়ামী লীগের নেতা মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের আবদুচ ছালাম ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আবদুল মোতালেব।
আজ রোববার ঢাকায় নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে তিনজনের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়। এর আগে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা এই তিনজনের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন। পরে তাঁরা কমিশনে এর বিরুদ্ধে আপিল করেছিলেন। আজ মনোনয়ন ফেরত পান তাঁরা।
তিনজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে পাননি। পরে তাঁরা নিজ নিজ আসনে স্বতন্ত্র প্রার্থী হন। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তালিকা জমা দিতে হয়। ওই ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ত্রুটিবিচ্যুতির কারণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে এই তিন প্রার্থী বাদ পড়েছিলেন।
আজ মনোনয়ন ফেরত পেয়ে উচ্ছ্বসিত এই তিন নেতা। উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, ‘জনগণ আমাকে চায়। তাদের দোয়া ও ভালোবাসায় এবং ন্যায়ের পথে ছিলাম বলে মনোনয়নপত্র ফিরে পেয়েছি। আজই নির্বাচনী এলাকায় ফিরে ভোটের প্রস্তুতি নেব।’
চট্টগ্রাম-১ আসনে গিয়াস উদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মাহবুব রহমান। মাহবুব বর্তমান সংসদ সদস্য মোশাররফ হোসেনের ছেলে। চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রার্থী করা হয়েছে বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদকে। তাঁর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। তিনিও মনোনয়ন ফিরে পেয়েছেন।
ছালাম বলেন, ‘সুখ–দুঃখে এলাকার মানুষের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও থাকব। নির্বাচনে জনগণ আমার সঙ্গে আছে।’ চট্টগ্রাম-১৫ আসনে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেবের মনোনয়ন আপিলে বৈধ হয়েছে। তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্রের পরও ন্যায়বিচার পেয়েছি। আজই ঢাকা থেকে এলাকায় ফিরে নির্বাচনী প্রস্তুতি নেব।’
এই আসনের অপর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও চিকিৎসক নেতা আ ম ম মিনহাজুর রহমান। তাঁর মনোনয়নও বাছাইয়ে বাতিল হয়েছে। তিনিও আপিল করেছেন। তাঁর আপিল শুনানি ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।