বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণের সময় পথচারীকে কুপিয়ে হত্যা

নিহত আবু ইউসুফছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার কাজ শেষে বেতন নিয়ে বাড়িতে ফিরছিলেন আবু ইউসুফ। পথে দেখেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের বিরোধের জের ধরে একদল লোক একটি বাড়িতে হামলা ও ভাঙচুর করছেন। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে হামলাকারী ব্যক্তিরা ইউসুফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু ইউসুফ। তিনি একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন।

নিহত আবু ইউসুফ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মফিজুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। আট মাস আগে নাহিদা ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্ত্রী নাহিদা সাত মাসের অন্তঃসত্ত্বা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও কৃষক দল নেতা জুয়েল আরমানের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। গতকাল মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন পান জুয়েল আরমান। পরে জুয়েল আরমানের নেতৃত্বে রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ সময় কারখানা থেকে বেতন নিয়ে বাড়িতে ফিরছিলেন আবু ইউসুফ। পথে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখে মুঠোফোনে তা ধারণ করছিলেন তিনি। এ সময় তাঁকে হামলাকারী ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন আবু ইউসুফকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আবু ইউসুফের স্ত্রী নাহিদা ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী কোনো গ্রুপিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না। বাসা থেকে কারখানা, আবার কারখানা থেকে বাসায়—এভাবেই তাঁর দিন কাটত। স্বামী হত্যার বিচার চান তিনি।

বিএনপি নেতা দেলোয়ার হোসেনের অভিযোগ, গত ২০ জুন রাতে জুয়েল আরমান তাঁকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় করা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। পিবিআই এটি তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল আদালতে হাজিরা দিয়ে তিনি জামিন পান। রাতে জুয়েল আরমান তাঁর লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় ভিডিও ধারণ করতে গেলে পথচারী আবু ইউসুফকে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, দুই পক্ষের বিরোধের জেরে রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে আবু ইউসুফের ওপর হামলা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।