আমতলীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু শ্রমিকের লাশ উদ্ধার
বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় আমতলী লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মারা যাওয়া ওই শিশু শ্রমিকের নাম কাওসার (১৩)। সে ঢাকা–আমতলী নৌপথে চলাচলকারী শতাব্দী বাঁধন নামের একটি লঞ্চে শ্রমিক হিসেবে কাজ করত।
জানা গেছে, শতাব্দী বাঁধন লঞ্চের দুই শিশু শ্রমিক কাওসার ও শিহাব আজ বেলা পৌনে দুইটার দিকে পায়রা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে শিহাব তীরে উঠলেও কাওসার উঠতে পারেনি। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালান। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁরা কাওসারকে উদ্ধারে ব্যর্থ হন। পরে পটুয়াখালী ফায়ার সাভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে যোগ দেয়। চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পায়রা নদী থেকে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. মজিবুর রহমান শিশুটির মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, শিশু শ্রমিক পায়রা নদীতে নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে শতাব্দী বাঁধন লঞ্চটি দ্রুত আমতলী ঘাট ছেড়ে যায়। লঞ্চ কর্তৃপক্ষ শিশুটির পরিবারের পরিচয় দিতে রাজি হচ্ছে না। শিশুটিকে উদ্ধারকালে পায়রা নদীর তীরে হাজারো উৎসুক জনতা ভিড় করে। এদিকে শিশুটি ডুবে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লঞ্চের পাশে দুই শিশু ডুবে যাচ্ছে। এক শিশু সাঁতরে একটি নৌকায় উঠলেও অপর শিশু উঠতে পারেনি। লঞ্চ কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে ডুবে যেতে দেখেও উদ্ধারে এগিয়ে আসেননি।
এ বিষয়ে শতাব্দী বাঁধন লঞ্চের সুপারভাইজার মো. সাকিব বলেন, ‘শিশুটি ক্যানটিনের আগের মালিকের অধীন কাজ করত। ওর পরিচয় সম্পর্কে আমরা কিছুই জানি না।’
এ বিষয়ে আমতলী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরি মো. মজিবুর রহমান শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, শিশুটির লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্ধান পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু পরিবারের সন্ধান না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।