টেনেটুনে চলছে ধনু মিয়ার সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশাচালক ছেলের জন্য প্রতি রাতে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেন ধনু মিয়া
ছবি: প্রথম আলো

রাত তখন ১২টা। রিকশাচালক ছেলে তখনো ঘরে ফেরেননি। তাই রাস্তায় দাঁড়িয়ে ছেলের অপেক্ষায় পায়চারি করছেন ৬৫ ঊর্ধ্ব মো. ধনু মিয়া। সাড়ে ১২টার দিকে ছেলে রুহুল আমিন (২৫) ফিরলে হাসি ফোটে ধনু মিয়ার মুখে। গতকাল বুধবার মধ্যরাতে বাবা-ছেলের ভালোবাসার এ দৃশ্যের দেখা মেলে সিলেট নগরের নবাবরোড পূর্ব ঘাসিটুলা এলাকায়। সে এলাকাতেই মতিন মিয়ার কলোনিতে তাঁরা ভাড়ায় থাকেন।

প্রতি রাতে ধনু মিয়া ছেলের প্রতীক্ষায় থাকেন। ছেলে বাসায় ফিরলে তবেই তাঁর মনে শান্তি মেলে। তাঁর দুই ছেলে। এর মধ্যে রুহুল আমিন বড়। জন্ম থেকেই রুহুল প্রতিবন্ধী। তাঁর বাঁ হাত ও পা চিকন। তাই দুটি অঙ্গ সেভাবে কাজ করে না। তবে এই প্রতিবন্ধকতা সত্ত্বেও রুহুল রিকশা চালিয়ে এখন পুরো পরিবার চালাচ্ছেন। ধনু মিয়া বললেন, ‘রুহুল জন্ম থাকি প্রতিবন্ধী। কিন্তু সে একলাই পরিবারটারে টাইনা নিতাছে।’

ধনু মিয়া বলেন, তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামে। ১৯৯৩ সালে তিনি অভাবের তাড়নায় সিলেট শহরে এসেছেন। তখন রিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নেন। এই শহরেই বিয়ে করেন। একে একে তাঁদের তিন মেয়ে ও দুই ছেলের জন্ম হয়। তিন মেয়ের বিয়ে এই শহরেই দিয়েছেন। মেজ মেয়ের স্বামী হঠাৎ উধাও হয়ে যান। তাই আট বছর ধরে মেজ মেয়ে তাঁর দুই ছেলেকে নিয়ে ধনু মিয়ার সংসারেই থাকেন।

বয়স বেড়েছে ধনু মিয়ার। দুবার স্ট্রোক করেছেন। অসুস্থ হওয়ায় আগের মতো রিকশাও চালাতে পারেন না। এ অবস্থায় পরিবারের হাল ধরেন রুহুল আমিন। সাত সদস্যের পরিবারটি এখন রুহুলই চালাচ্ছেন। রুহুল বলেন, কয়েক বছর আগে ঋণ করে ৩২ হাজার টাকা দিয়ে পুরোনো একটা ব্যাটারিচালিত রিকশা তিনি কিনেছিলেন। সেটা চালিয়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। এ আয়েই পুরো পরিবার চলে। দুই মাস আগে রাগ করে রুহুলের স্ত্রী তিন বছরের ছেলেকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছেন। এখনো ফেরেননি।

রুহুল আমিন বলেন, পরিবারের বাবা, মা, বোন, ভাই ও দুই ভাগনে আছে। সাত সদস্যের পরিবার মূলত তাঁর আয়েই চলে। তবে মাঝেমধ্যে বাবা ও ছোট ভাই রিকশা নিয়ে বের হন। দুই কক্ষের ঘরভাড়া বাবদ প্রতি মাসে রুহুলকে সাড়ে পাঁচ হাজার টাকা কলোনির মালিককে দিতে হয়। ছোট ভাই আল আমিন গত বছর সিলেটের শাহ খুররুম ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করলেও টাকার অভাবে উচ্চশিক্ষার জন্য কোথাও ভর্তি হতে পারেননি।

ধনু মিয়া বলেন, ‘টাকার অভাবে ছোট পুত (আল আমিন) পড়তে পারছে না। আমারও হার্টে সমস্যা। রিকশা চালাইতাম পারি না। তারপরও আমি আর আল আমিন মাঝেমইধ্যে রিকশা নিয়ে বেরোই। বড় পুত (রুহুল) ডেইলি যা আয় করে, তা দিয়া সংসার ঠিকমতো চলে না। টেনেটুনে সংসার চলছে। সবজি আর ডাইল খাইয়াই চলতাছি। অনেক দিন পরপর কিছু গুঁড়া (ছোট) মাছ কিনি আমরা। অল্প অল্প কইরা কয়েক দিন ধইরা সেই মাছ খাই। কাপড়চোপড় হঠাৎ হঠাৎ কিনি। এইভাবেই আমরার দুঃখের সংসার কুনুরকমে চলছে।’