জলাবদ্ধতায় ক্ষুব্ধ আমনচাষিরা

কৃষকেরা হালিচারা প্রস্তুত করেও রোপণ করতে পারছেন না। এদিকে রোপণের সময়ও পেরিয়ে যাচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউয়াদীঘি হাওরের জলাবদ্ধতায় মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার হাওরাঞ্চলের আমন ফসলের জমি পানিতে তলিয়ে আছে। কৃষকেরা হালিচারা প্রস্তুত করেও রোপণ করতে পারছেন না। এদিকে রোপণের সময়ও পেরিয়ে যাচ্ছে।

কৃষকদের অভিযোগ, মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে সেচ না দেওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমন চাষিদের মধ্যে হতাশা ও ক্ষোভ-বিক্ষোভ দানা বেঁধে উঠছে।

ত্রি-ব্যান্ডসহ পাম্পের সব কটি গেট খোলা আছে। পাশাপাশি বিদ্যুতের লোড পাওয়া সাপেক্ষে দিনে এক-দুটি সেচপাম্প চালু থাকে।
এম এ হান্নান খান, নির্বাহী প্রকৌশলী, পাউবো মৌলভীবাজার

গতকাল বৃহস্পতিবার রাজনগরের বিভিন্ন গ্রাম থেকে তিন শতাধিক কৃষক কাউয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসন করার দাবিতে নষ্ট হালিচারা হাতে নিয়ে মিছিল করে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হন। কৃষি ও কৃষক রক্ষা কমিটির ব্যানারে এ কৃষক সমাবেশ হয়।

সভাপতিত্ব করেন কৃষি ও কৃষক রক্ষা কমিটির উপদেষ্টা সেলিম আহমদ। কমিটির সদস্য আইনজীবী হুমায়ুন রশীদের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জহরলাল দত্ত, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, পাঁচগাঁও ইউনিয়নের কৃষকনেতা বাবুল আহমদ, মুন্সীবাজার ইউনিয়নের কৃষকনেতা ফয়ছল মিয়া, কৃষকনেতা সুলতান আহমদ, আক্তার মিয়া, সুলেমান মিয়া ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জুবেল আহমদ।

বক্তারা বলেন, আমন চাষ করতে না পারলে কৃষকের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। কৃষক বাঁচাতে দ্রুত সেচ দিয়ে জলাবদ্ধতা দূর করতে হবে। বক্তাদের অনেকেই হাওরের বিভিন্ন বিলের ইজারাদারদের মাছ চাষের সুবিধা দিতে পানি না কমানোর অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, পানি সেচ না দিলে সড়ক-মহাসড়ক অচল করে দেওয়া হবে।

সমাবেশ থেকে কিছু দাবিদাওয়া ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আছে শুক্রবার থেকে কাশিমপুর পাম্প হাউস পুরোটা চালু রাখা। পাম্প হাউসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। প্রতিবছর জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত সেচ প্রদান অব্যাহত রাখা। আগামী এক সপ্তাহের মধ্যে সেচ দিয়ে জমি আমন চাষের উপযোগী করা না হলে রাজপথ অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমাবেশ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে জলাবদ্ধতা নিরসনের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান অফিস থেকে বেরিয়ে এসে কার্যালয় প্রাঙ্গণে ঢোকার প্রবেশপথে কৃষকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান প্রমুখ। এ সময় কৃষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘পাউবো ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে অনতিবিলম্বে সমস্যা সমাধানের ব্যবস্থা নেব।’

পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) এম এ হান্নান খান গতকাল বলেন, ‘ত্রি-ব্যান্ডসহ পাম্পের সব কটি গেট খোলা আছে। এতে পানি প্রায় ৬ ইঞ্চি কমেছে। পাশাপাশি বিদ্যুতের লোড পাওয়া সাপেক্ষে দিনে এক-দুটি সেচপাম্প চালু থাকে। রাত ১০টার পর ধীরে ধীরে লোড বাড়ে। সকাল পর্যন্ত যত সময় লোড মিলে আটটি পাম্পই চালু থাকে।’ হাওরে বাড়তি পানি রাখার অভিযোগ সম্পর্কে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘পানি বাড়িয়ে রাখতে হবে, এ ধরনের কোনো অনুরোধ কোথাও থেকে আসেনি। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কৃষি। এ ধরনের অভিযোগ ধারণাপ্রসূত, বাস্তবসম্মত না।