বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
বগুড়ায় স্কুলছাত্র আল-আমিন হত্যা মামলার রায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামিদের খালাস দিয়েছেন আদালত। বগুড়া আদালতের পরিদর্শক অশোক কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডিত আসামিরা হলেন গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের হাবিবর রহমান এবং একই গ্রামের শহিদুল ইসলাম।
আদালতের নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ জুন বিকেলে চলাচলের রাস্তা নিয়ে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের খলিলুর রহমান ও হাবিবর রহমানের পরিবারের সঙ্গে আবদুল কুদ্দুস মণ্ডলের পরিবারের ঝগড়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আবদুল কুদ্দুস মণ্ডলের পক্ষ নেন প্রতিবেশী আমজাদ হোসেন মণ্ডল ও তাঁর স্কুলপড়ুয়া ছেলে আল-আমিন।
এ সময় হাবিবুর রহমানসহ তাঁর পরিবারের লোকজন তাঁদের ওপর হামলা করেন। এতে আল-আমিন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আল–আমিন মারা যায়। এ ঘটনায় আল-আমিনের বাবা আমজাদ হোসেন মণ্ডল বাদী হয়ে গাবতলী মডেল থানায় ২২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম প্রথম আলোকে বলেন, সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বিকেল চারটার দিকে আল-আমিন হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। এরপর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুজনকে কারাগারে পাঠানো হয়।