নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে নুহাশপল্লীতে হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী–সন্তান ও ভক্তরা তাঁর কবর জিয়ারত করেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
ছবি: প্রথম আলো

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একাদশ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন এই দিনে। অনুমতি ছাড়া হুমায়ূন আহমেদের নাটক–সিনেমা  ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শন বন্ধের দাবি জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।

আজ সকালে হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিনিত ও নিষাদ হুমায়ূন লেখকের কবর জিয়ারত করেন। এ সময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। আয়োজন করা হয় কোরআনখানি ও মিলাদ মাহফিলের।

প্রতিবারের মতো এবারও হুমায়ূন পরিবার, তাঁর ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তাঁরা লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তাঁরা লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকা থেকে নুহাশপল্লীতে এসেছেন সামিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ছোটবেলা থেকেই তিনি হুমায়ূন আহমেদের ভক্ত। প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যুর দিনগুলোতে তাঁকে স্মরণ করতে আসেন। সামিউল ইসলাম বলেন, ‘নুহাশপল্লীতে এলে মনে হয় এখানে হুমায়ূন আহমেদ বসে আছেন। তাঁকে যেন দেখতে পাচ্ছি।’

লেখক ও সাংবাদিক ফারদিন ফেরদৌস বলেন, এই লেখক ৫০ বছর ধরে বাঙালি পাঠকসমাজকে আনন্দ দিয়েছেন। বাংলা ভাষা যত দিন থাকবে, তত দিন হুমায়ূন আহমেদের লেখা মানুষ পড়বে।

কবর জিয়ারত শেষ মেহের আফরোজ শাওন সাংবাদিকদের কাছে হুমায়ূন আহমেদের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, হুমায়ূন আহমেদ চলে গেছেন ১১ বছর। খুবই দুঃখজনক হলেও সত্য হুমায়ূন আহমেদের বহু নাটক ও সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে কোনো রকম চুক্তিপত্র ছাড়াই চালানো হচ্ছে।

হুমায়ূন আহমেদ বেঁচে থাকতেও নেয়নি, মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার কারও সঙ্গে চুক্তি বা মৌখিক অনুমতিও নেয়নি। তিনি বলেন, ‘দেশের এসব প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। উকিল নোটিশ পাঠিয়েছি, কিন্তু তারা এটি গ্রহণ করেনি। আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা চাই তাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনাদের মাধ্যমে বার্তাটি তাদের কাছে যেন পৌঁছে যায়।’

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কোরআনখানি ও মিলাদ মাহফিলের
ছবি: প্রথম আলো

মেহের আফরোজ শাওন আরও বলেন, ‘হুমায়ূন আহমেদ যখন মারা যান, তখন আমার বড় ছেলের বয়স সাড়ে পাঁচ বছর এবং ছোট ছেলের বয়স দেড় বছর ছিল। তখন ওরা বাবার অভাব ও প্রয়োজন তেমন বুঝত না।

তবে এখন ওরা বড় হয়েছে। বড় ছেলে এখন বোঝে একজন মানুষ হুমায়ূন আহমেদ নামটির কী ভার! মাঝেমধ্যে ও মন খারাপ করে বসে থাকে। ও বলে, যদি বাবাকে পেতাম, তাহলে অনেক গল্প করতাম, অনেক কিছু শিখতাম। এই জায়গায় আমি থমকে যাই। এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।