দাউদকান্দিতে প্রতিপক্ষের হামলায় পুলিশ সদস্য খুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসরা গ্রামে আজ রোববার বেলা পৌনে একটার দিকে রাহেজুল আমিন (৩৩) নামের এক পুলিশ সদস্য প্রতিপক্ষের দায়ের কোপে খুন হয়েছেন। এ ছাড়া তাঁর পরিবারের তিন সদস্যসহ আট ব্যক্তি আহত হয়েছেন।
রাহেজুল আমিন নোয়াখালী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন রাহেজুলের মা রীনা আক্তার, রাহেজুলের বড় ভাই আশরাফ আহমেদ, ছোট বোন রোকেয়া আক্তার, গ্রামের বাসিন্দা মো. হাসান, সাইদুল ইসলাম, আবদুল বাতেন, সাইফুল ইসলাম এ আবুল হাশেম।
ওই ঘটনায় আহত রীনা, আশরাফ, রোকেয়াকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আহত হাসান, সাইদুল, বাতেন, সাইফুল ও আবুল হাশেমকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে রাহেজুলের পরিবারের সদস্যরা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হাসান, হাসানের ছোট ভাই সাইদুল, বাতেন, সাইফুল, আবুল হাশেমকে পিটিয়ে কুপিয়ে আহত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসান মিয়ার বাড়ির লোকজন হামলা চালান। এতে রাহেজুলসহ তাঁর পরিবারের তিন সদস্য আহত হন।
রাহেজুলের বড় ভাই সোয়েব মিয়া বলেন, ‘বিনা অপরাধে গ্রামের পশ্চিম পাড়ার কয়েকজন বাসিন্দা তাঁদের (রাহেজুল ও সোয়েব) পরিবারের ওপর হামলা চালিয়ে মা, ভাই, বোনকে কুপিয়ে আহত করেছে এবং তাঁর ভাই রাহেজুলকে কুপিয়ে হত্যা করেছে। আমরা ভাই হত্যা এবং পরিবারের সদস্যদের আহত করার বিচার চাই।’
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঞা পুলিশ সদস্য রাহেজুলের খুন হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।