‘তোমরা আমার মানিকেরে আনি দাও’
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোর চালক আবদুল আহাদকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী আহাদ গ্যারেজে থেকে রিকশা চালিয়ে নিজের খরচ নিজেই চালাত। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। নোয়াখালীতে ছয় মাসে এটি দ্বিতীয় অটোরিকশাচালক হত্যার ঘটনা।
জন্মগতভাবে ডান হাত ও ডান পা অবশ আবদুল আহাদের। বয়স তিন বছর হওয়ার আগেই বাবা তাদের ফেলে চলে যায়। পরে পরিবার আহাদের মাকে অন্যত্র বিয়ে দেয়। ছোট্ট আহাদের ঠাঁই হয় স্বামী পরিত্যক্তা খালার কোলে। খালাই নিজের সন্তানের মতো করে তাঁকে বড় করে তোলেন।
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ১৭ বছর বয়সী কিশোর আহাদ ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। দুই বছর ধরে সে একই এলাকার একটি গ্যারেজে থাকত। কখনো হোটেলে, কখনো গ্যারেজের মালিকের বাসায় খেত। নিজের রোজগারেই চলত সে। কিন্তু জীবনসংগ্রামের সেই পথ থেমে গেছে ঘাতকের হাতে।
গত শনিবার দিবাগত রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে আহাদকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। মুখ ও গলা স্কচটেপ দিয়ে পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়। পরে একটি ধানখেতে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে যায় তারা।
নির্মম এ ঘটনায় হতবাক আহাদের স্বজন, সহপাঠী ও গ্যারেজের মালিক। এলাকায় আহাদ অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিল সে।
আহাদের মামা মো. মানিক বলেন, ১৮ বছর আগে চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। পরের বছর আহাদের জন্ম। জন্মগতভাবেই ডান হাত ও ডান পা কিছুটা দুর্বল ছিল। ছেলের ডান দিকের শক্তি কম থাকায় বাঁ হাত-পায়েই বেশি ভরসা করত সে।
আহাদের আরেক মামা মো. সেলিম বলেন, আহাদের বয়স তিন বছর হওয়ার পর হঠাৎ তাঁর বাবা যোগাযোগ বন্ধ করে দেন। অনেক খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। পরে নিরুপায় হয়ে তাঁদের বোনকে পাশের সোনাইমুড়ী উপজেলায় বিয়ে দেওয়া হয়। আহাদের দায়িত্ব নেন স্বামী পরিত্যক্তা ছোট বোন জান্নাতুল ফেরদাউস। নিজের সন্তানের পাশাপাশি আহাদকে লালন-পালন করেন তিনি। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হলেও পঞ্চম শ্রেণির পর আর পড়াশোনা চালানো সম্ভব হয়নি।
মো. সেলিম জানান, তিন বছর ধরে জিলানী নামের এক ব্যক্তির গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চালাত আহাদ। প্রথম দিকে বাড়ি থেকে যাতায়াত করলেও পরে গ্যারেজে থাকার ব্যবস্থা করে দেন মালিক। রোজগার যা হতো, তা দিয়েই নিজের খরচ চালাত সে। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল।
শনিবার দিবাগত রাত একটার দিকে গ্যারেজের মালিক ফোন করে আহাদের পরিবারকে জানান, আহাদ অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি। গতকাল রোববার দুপুরে আহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গ্যারেজের মালিক জিলানী বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ছেলেটি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। অত্যন্ত ভদ্র ছিল সে। শুধু রিকশা চালাত না, গ্যারেজটাও নিজের মতো করে পাহারা দিত। অটোরিকশার জন্য এমন একজনকে হত্যা করা হবে—এটা ভাবতেই পারিনি।’ তিনি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
লাশ উদ্ধারের পর থেকে আহাদের মা ও খালার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মা বিবি ফাতেমা চিৎকার করে কাঁদছিলেন। খালা জান্নাতুল ফেরদাউসের কাছে বড় হয়েছে আহাদ। সে কারণে মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরলে বিলাপ করে বলছিলেন, ‘তোমরা আমার মানিকেরে আনি দাও।’
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, আহাদের মামা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে একটি টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ছয় মাসে দ্বিতীয় অটোরিকশাচালক খুন
নোয়াখালীতে দীর্ঘদিন ধরেই ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্র সক্রিয়। কিশোর আহাদসহ গত ছয় মাসে এটি দ্বিতীয় অটোরিকশাচালক হত্যার ঘটনা। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম (৫৫) নামের এক চালককে সুবর্ণচরের চরজব্বর এলাকায় হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একই বছরের ১০ এপ্রিল সদর উপজেলার ডাক্তার বাজার স্লুইসগেট খালসংলগ্ন কবরস্থানের পাশে বাবর হোসেন (১৮) নামের আরেক চালকের লাশ উদ্ধার করা হয়।
মাইজদীতে তিন বছর ধরে অটোরিকশা চালানো মো. জহির বলেন, আগের হত্যাকাণ্ডের খবর শোনার পর গভীর রাতে দূরে যাত্রী নিয়ে যেতে ভয় পান তিনি। শহরের ভেতরে পরিচিত ও জনবহুল সড়কেই বেশি চলেন।
বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, প্রতিটি ঘটনায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আগের ঘটনাগুলোর আসামিরা গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন। শনিবার রাতের ঘটনাটির ক্ষেত্রেও দ্রুত অপরাধীদের শনাক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।