পলাশে ‘মব’ করে সরিয়ে দেওয়ার ১৮ মাস পর স্বপদে ফিরলেন প্রধান শিক্ষক
নরসিংদীর পলাশে ‘মব’ সৃষ্টি করে সরিয়ে দেওয়ার ১৮ মাস পর কর্মস্থলে ফিরে দায়িত্ব নিয়েছেন পলাশ থানা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস। বুধবার দুপুর ১২টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লার উপস্থিতিতে তিনি দায়িত্ব বুঝে নেন।
বিদ্যালয় সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রায় ১৮ মাস আগে ‘মব’ সৃষ্টি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। তখন তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। এ বিষয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে অভিযোগের বিষয়ে সত্যতা না পাওয়ায় প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে আবার স্বপদে বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ আবার তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।
প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস দায়িত্ব গ্রহণের পর সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।’
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা বলেন, ‘প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে অন্যায়ভাবে মব সৃষ্টি করে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁকে পুনরায় স্বপদে বহাল করতে পেরে আমরা আনন্দিত।’
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।