কালকিনিতে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট এলাকার এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন—শাহ আলম ব্যাপারী (৪৫), অহেদ ব্যাপারী (২৫), সুমন হোসেন (৩৫), মো. সবুজ (২৫) ও জসিম সরদার (৪৮)। আহত ব্যক্তিরা সবাই কালাই সরদারেরচর এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে শাহ আলম ব্যাপারীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গতকাল রাতেই আহত শাহ আলম ব্যাপারীর বড় ভাই আবদুল মজিদ মাতব্বর বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছেন। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে, তবে মামলার আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জুন উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হিসেবে দুলাল সরদার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. আবদুল হোসেন। নির্বাচনে আবদুল হোসেনকে হারিয়ে ইউপি সদস্য নির্বাচিত হন দুলাল সরদার। এ নিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরোধ চলে আসছিল। এর আগেও দুবার দুই পক্ষের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এর জেরে গতকাল ইউপি সদস্য দুলাল সরদারের কর্মী জসিম হাওলাদারের নেতৃত্বে কয়েকজন আবদুল হোসেনের সমর্থকদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আবদুল হোসেন বলেন, ‘নির্বাচনে পূর্বশত্রুতার জেরে দুলাল সরদারের কর্মী জসিমের নেতৃত্বে রহিম, জুলহাস, পলাশ, জামাল, খবিরসহ ২০ থেকে ২৫ জন মিলে আমার লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। হামলায় আমার অনেক কর্মী আহত হয়েছেন।’
এ ঘটনায় গতকাল রাতে আবদুল হোসেনের সমর্থক শাহ আলম ব্যাপারীর বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য দুলাল সরদার। তিনি বলেন, ‘আমার কোনো লোকজন হামলার সঙ্গে জড়িত নন। পরাজিত প্রার্থী আবদুল হোসেন আমাকে হেয়প্রতিপন্ন করতে এমন ভিত্তিহীন অভিযোগ দিয়ে যাচ্ছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন আজ শনিবার দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।