মধ্যরাতে ছাত্রদলের দুই নেতাকে আটক করল ডিবি, ১২ ঘণ্টায়ও জানায়নি কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক শাহীন তালুকদার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতাকে মধ্যরাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে কী অভিযোগে তাঁদের আটক করা হয়েছে, সেটি আজ বেলা একটা পর্যন্ত জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

আটক দুই নেতা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম (৩৫) ও সহসাধারণ সম্পাদক শাহীন তালুকদার (৩২)। হাফিজুল ইসলামের বাড়ি হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় আর শাহীন তালুকদার নবীগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা।

ছাত্রদল ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে রাত একটার দিকে শাহীন তালুকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ছাত্রদল নেতা শাহীন ও হাফিজুলকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে আনা হয়।

দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করে আজ দুপুরে ওসি সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের কী কারণে আটক করা হয়েছে, তা পরে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হবে।

একটি সূত্র জানিয়েছে, ২১ আগস্ট উপলক্ষে সম্প্রতি সৈনিক লীগের হবিগঞ্জ জেলা সভাপতি এস এম মানিক শহরে কিছু ফেস্টুন স্থাপন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি ছিল। হাফিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি এ ফেস্টুনগুলো ছিঁড়েছেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গতকাল রাতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, হাফিজুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তাঁকে আটক করে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চলছে। মূলত জেলা ছাত্রলীগের সাবেক এক ছাত্রনেতার ফেসবুক পোস্ট নিয়ে হাফিজুল মন্তব্য করেন। এতে ওই ছাত্রলীগ নেতা ক্ষুব্ধ হন। ওই নেতার প্রভাবে পুলিশ তাঁকে আটক করেছে।