বিশ্ব পর্যটন দিবস কাল মঙ্গলবার। এ উপলক্ষে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণের দাবিতে ‘বাইসাইকেলে রামনাথের বাড়ির পথে’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা দিয়েছে ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’ নামের একটি সংগঠন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রামনাথ বিশ্বাসের বসতভিটাটি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে আছে বলে অভিযোগ আছে। সম্প্রতি ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’ নামের একটি সংগঠনের জন্ম হয়। সার্বিক বিষয় নিয়ে প্রথম আলো কথা বলেছে সংগঠনের আহ্বায়ক ভূপর্যটক ও ভ্রমণলেখক আশরাফুজ্জামান উজ্জ্বলের সঙ্গে।
প্রথম আলো: শুরুতেই যদি ভূপর্যটক রামনাথ বিশ্বাস সম্পর্কে একটু ধারণা দিতেন।
আশরাফুজ্জামান উজ্জ্বল: রামনাথ বিশ্বাস একজন সাহসী ভূপর্যটক, লেখক, বিপ্লবী ও মানবদরদী মানুষ ছিলেন। তিনি ১৯৩১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত তিনবার বাইসাইকেলে চড়ে চারটি মহাদেশ ভ্রমণ করেছিলেন। বাংলা ভাষায় তাঁর ভ্রমণবিষয়ক ৩২টি বই প্রকাশিত হয়েছে।
প্রথম আলো: ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’ নামের সংগঠনের জন্মের প্রেক্ষাপট কী?
আশরাফুজ্জামান উজ্জ্বল: ভূপর্যটক রামনাথ বিশ্বাসকে নিয়ে বাংলাদেশের ভ্রমণকারী ও সাইক্লিস্টদের বরাবরই একটি আগ্রহের জায়গা ছিল। এর মধ্যে অনেকেই বানিয়াচংয়ে তাঁর বসতভিটায় গিয়েছেন। কেউ কেউ সংবাদ সংগ্রহের জন্য, কেউ কেউ শুধুই বাড়িটা দেখার জন্য। যাঁরাই গিয়েছেন, তাঁদের কারোরই খুব ভালো অভিজ্ঞতা ছিল না। কেউ কেউ আক্রান্তও হয়েছেন বাড়িটির দখলদারদের মাধ্যমে। সবারই একটা ইচ্ছা ছিল রামনাথ বিশ্বাসের এই বসতভিটা পুনরুদ্ধারের। এর মধ্যে আমাদের বন্ধু সাংবাদিক রাজীব নূর আক্রান্ত হওয়ার পর ইচ্ছাটা আরও প্রবল হয়। তখন আমাদের বন্ধুরা একত্র হয়ে ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’ নামের সংগঠনটি গড়ে তুলি।
প্রথম আলো: বিশ্ব পর্যটন দিবসকেই আপনারা কর্মসূচির জন্য বেছে নিয়েছেন। এর কি সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে?
আশরাফুজ্জামান উজ্জ্বল: এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হলো ‘পর্যটন নিয়ে নতুন করে ভাবনা’। ভূপর্যটক রামনাথ বিশ্বাস আমাদের বাংলাদেশের সন্তান এবং ভারতীয় উপমহাদেশের গুরুত্বপূর্ণ একজন বিশ্বপর্যটক। তিনি সাইকেলে বিশ্ব ভ্রমণ করেছেন এবং ৩২টি ভ্রমণবিষয়ক বই লিখেছেন। এই সময় আমরা যাঁরা সাইকেলে ভ্রমণ করছি, তাঁদের মধ্যে অনেকেরই অনুপ্রেরণা রামনাথ বিশ্বাস। এসব কারণে আমরা মনে করেছি, বিশ্ব পর্যটন দিবসে (২৭ সেপ্টেম্বর) তাঁর বসতভিটাটি পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগে নেওয়া একটি সময়োপযোগী কাজ হবে।
প্রথম আলো: রামনাথ বিশ্বাসের বসতভিটা দীর্ঘদিন ধরেই বেদখল হয়ে আছে। এটা দখলমুক্ত করা যাবে?
আশরাফুজ্জামান উজ্জ্বল: আমরা বিশ্বাস করি, ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার করা সম্ভব। রামনাথ বিশ্বাসের ভাই কৃপানাথ বিশ্বাসের পরিবার ১৯৬৫ সালে সপরিবার ভারতে চলে যান। তখন তাঁদের এই সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি খতিয়ানে চলে যায়। সেই হিসেবে এই সম্পত্তির মালিক এখন বাংলাদেশ সরকার। এই লক্ষ্যে আমাদের কমিটির একটি ল-ইয়ার প্যানেল কাজ করছে, আইনগত বিষয়গুলো দেখছে তারা। এমনকি রাষ্ট্রেরও উচিত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা অবৈধ দখলমুক্ত করা।
প্রথম আলো: বসতভিটা যদি উচ্ছেদ হয়, তাহলে আপনাদের পরবর্তী পরিকল্পনা কী?
আশরাফুজ্জামান উজ্জ্বল: ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধারের পর আমাদের দাবি হচ্ছে সেখানে একটি বিশেষায়িত পাঠাগার, একটি সাইকেল মিউজিয়াম এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হোক।