শরীরে ছিল আঘাত ও কালশিটে দাগ, তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন
মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে মরদেহে আঘাত ও কালশিটে দাগ দেখেছিলেন স্বজনেরা। সন্দেহ হয়, স্বাভাবিক মৃত্যু নয়; নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন সুফিয়া বেগম। জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন তাঁর বোন। সেই মামলার তদন্তে তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে সুফিয়ার মরদেহ।
নিহত সুফিয়া বেগমের (৬২) বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরসালেপুর গ্রামের আমিন খারহাট এলাকায়। আজ সোমবার বেলা ১১টার দিকে কবর খুঁড়ে তাঁর লাশ উত্তোলন করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। ছিলেন সিআইডি ও চরভদ্রাসন থানার পুলিশের একদল সদস্য।
পলাশ উদ্দিন বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য সুফিয়া বেগমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। লাশ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
গত ২৩ আগস্ট এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন সুফিয়ার বোন লিলি বেগম (৪০)। মামলায় সুফিয়ার একমাত্র ছেলে সালাম ব্যাপারী এবং ইকবাল শেখ নামের এক ব্যক্তিকে এজাহারনামীয় আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েকজনকে।
মামলার এজাহার ও আদালতে দাখিল করা অভিযোগের বিবরণে দেখা যায়, জমিজমা বিক্রির টাকা নিয়ে মা সুফিয়া বেগম ও ছেলে সালাম ব্যাপারীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে সালামকে নিয়ে থাকতেন সুফিয়া। তাঁর বসতভিটা, ঘরবাড়ি ও মাঠে কিছু জমি রয়েছে।
অভিযোগ, এসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য মাকে প্রায়ই চাপ দিতেন সালাম। রাজি না হওয়ায় তাঁকে মারধর ও নির্যাতন করা হতো। এমনকি জমির কাগজপত্র বুঝিয়ে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সুফিয়ার বোন ও মামলার বাদী লিলি বেগমের অভিযোগ, গত ১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ সালের সকাল সাতটার মধ্যে কোনো একসময় সালাম ও তাঁর অজ্ঞাতনামা সহযোগীরা তাঁর বোন সুফিয়া বেগমকে হত্যা করেন। ১৫ আগস্ট সকালে বোনের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের নিয়ে বাড়িতে যান তিনি। সেখানে সুফিয়া বেগমের মুখমণ্ডলে রক্তের দাগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বুক ও গলায় কালশিটে দাগ দেখতে পান। এসব চিহ্ন দেখে স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয় স্বজনদের মধ্যে। ঘটনাটি আড়াল করতে দ্রুত মরদেহ দাফন করা হয়।
পরে এ ঘটনায় নীলিমা বেগম বাদী হয়ে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে নালিশি মামলা করেন। মামলায় হত্যার পাশাপাশি আলামত গোপনের অভিযোগও আনা হয়েছে। বোনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পরে আদালতে পৃথক আবেদন করেন বাদী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কবর থেকে সুফিয়ার মরদেহ উত্তোলন করা হয়েছে।