সাতক্ষীরায় চিংড়িতে জেলি পুশ করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

সাতক্ষীরা শহরে চিংড়িতে জেলি ও রাসায়নিক দ্রব্য পুশ করার দায়ে মো. মফিজুর রহমান ওরফে শিমুল (৩২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে শহরের ফুড অফিস মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকারের জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, ফুড অফিস মোড়ের একটি পরিত্যক্ত ভবন ভাড়া নিয়ে চিংড়িতে জেলি ও রাসায়নিক পুশ করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে তাঁরা সেখানে অভিযানে যান। অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে মফিজুর রহমান নামের ওই যুবককে আটক করা হয়। এ সময় ওই ভবন থেকে জেলি পুশ করা ৬০ কেজি চিংড়ি, জেলি, সিরিঞ্জ ও বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়। তিনি এসব চিংড়ি দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, চিংড়িতে জেলি পুশ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় মফিজুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা চিংড়ি মাটিতে পুঁতে নষ্ট করা হবে বলে তিনি জানান।