নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের সামনেই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে উপজেলার ডাঙ্গা বাজারের একটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাবার বিতরণের সময় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে ছাত্রলীগের অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ডাঙ্গা বাজারের ওই মাঠে উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান। আলোচনা সভা ও দোয়ার পর খাবার বিতরণ পর্ব শুরু হয়। এ সময় খাবার বিতরণ নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাবেক সভাপতি রাজন আহমেদের পক্ষের কয়েকজন নেতা-কর্মীর মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংসদ সদস্যের সামনেই দুই পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হন।
এ বিষয়ে মন্তব্য জানতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাবেক সভাপতি রাজন আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠালেও তাঁরা মন্তব্য করেননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী বলেন, শোক দিবস উপলক্ষে ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। খাবার বিতরণের সময় ছাত্রলীগের দুই পক্ষের কিছু নেতা-কর্মীর মধ্যে কথা–কাটাকাটির হয়। কিন্তু অনুষ্ঠানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এটি সামান্য একটি ঘটনা।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, অনুষ্ঠানের খাবার বিতরণের সময় কয়েকজনের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনার সময় পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আহত ব্যক্তিদের স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।